অপূর্ব ও শারলিনের অন্যরকম ফেরা

জিয়াউল ফারুক অপূর্ব ও শারলিন ফারজানা -তালহা মোস্তফা
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জীবনের প্রথম কনসার্টে গান গেয়ে দর্শক-শ্রোতার মন জয় করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এরপরই দেশে ফিরে অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। এর মধ্যে মাসরিকুল আলমের পরিচালনায় ‘নীলপরী’ নামে একটি নাটকে তার সহশিল্পী শারলিন ফারজানা। তারা এর আগে প্রায় ৩০টি নাটকে একসঙ্গে কাজ করেছেন।
ইমদাদ বাবুর লেখা নতুন নাটকের মাধ্যমে বিরতির পর আবারও অভিনয়ে ফিরলেন শারলিন ফারজানা। সর্বশেষ এক বছরেরও বেশি সময় আগে পথিক সাধনের পরিচালনায় ‘ভালোবাসা ভালো রাখার উপায়’ নাটকে খায়রুল বাসারের সঙ্গে অভিনয় করেন তিনি। এরপর বিরতি নেন।
এখন থেকে নিয়মিত নাটকে অভিনয় করবেন জানিয়ে শারলিন বললেন, ‘নাটকে ফিরে সত্যিই ভালো লাগছে। সহশিল্পী হিসেবে অপূর্ব ভাইকে পেয়ে আরও বেশি ভালো লেগেছে। সত্যি বলতে, অপূর্ব ভাই এমনই একজন সহশিল্পী, যিনি পাশে থাকলে অভিনয়টা যেন স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি শুধু নিজের অভিনয় নিয়েই মনোযোগী থাকেন এমনটা নয়; সহশিল্পীরটা কেমন হলো, সেটি নিয়েও ভাবেন।’
এদিকে মাহমুদুর রহমান হিমির পরিচালনায় একটি নাটকে কাজ করছেন অপূর্ব। আগামী কিছুদিনের মধ্যে সৈয়দ শাকিল, রুবেল হাসান, জাকারিয়া শৌখিন, মুরসালিন শুভ, এস আর মজুমদারের নাটকের শুটিং করবেন তিনি। কিছুদিনের মধ্যে আটটি নাটকের কাজ সম্পন্ন করে আবারও যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পরিকল্পনা আছে তার।






