শাকিবের নতুন নায়িকা পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি

কিনজা হাশমি -ইনস্টাগ্রাম
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছে। শেষ পর্যন্ত আলোচনায় এগিয়ে রয়েছেন পাকিস্তানের আরেক অভিনেত্রী কিনজা হাশমি। শাকিব খান, পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ তার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এমনকি চুক্তির আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে বলে জানা গেছে। যদিও নির্মাতারা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ফলে শাকিবের নতুন নায়িকাকে ঘিরে কৌতূহল বাড়ছে দুই দেশের দর্শকদের মধ্যে।
২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা নিয়ে তৈরি হচ্ছে ‘মহব্বত’। গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির ঘোষণা আসে। তবে নায়িকা পরিচয় নিয়ে রহস্য রেখেছেন নির্মাতারা। সিনেমার প্রথম পোস্টারেও দেখা গেছে শাকিবের পাশে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর হাত। মুখটি আড়ালেই রাখা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন নায়িকাকে পরিচয় করিয়ে দিতে চায় বলে জানা গেছে।
কে এই কিনজা হাশমি?
১৯৯৭ সালের ৭ মার্চ পাকিস্তানের লাহোরে জন্ম কিনজা হাশমির। ২০১৪ সালে ‘আধুরা মিলন’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। তখন বয়স মাত্র ১৬-১৭ বছর। ২০১৮ সালে ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে পরিচিতি পান কিনজা। নেতিবাচক বৈশিষ্ট্যের এই চরিত্রের জন্য হুম অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়নও পেয়েছিলেন। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘দিওয়ার-ই-শব’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান যাও’ নাটকে অভিনয় করেছেন তিনি। ‘রূপোশ’ টেলিছবিতেও দেখা গেছে তাকে।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন কিনজা। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’। পাঞ্জাবি চলচ্চিত্র ‘হাল কি অ্যায়?’-এ ভারতীয় গায়ক ও অভিনেতা জাসি গিলের সঙ্গেও অভিনয় করেছেন। বলিউডের সংগীতশিল্পী নেহা কাক্করের একাধিক গানের মডেল হিসেবেও কাজ করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইলের জন্যও পরিচিত কিনজা। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় এক কোটি। সম্প্রতি অভিনয়জীবনের ১২ বছর পূর্ণ করেছেন তিনি। দীর্ঘ পথচলায় জনপ্রিয়তা পেলেও নিজেকে এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত মনে করেন না। প্রতিযোগিতার চেয়ে নিজের পছন্দ ও বিশ্বাসের সঙ্গে মেলে, এমন কাজ করতে চান।
শাকিবের বিপরীতে অভিনয় করলে বাংলাদেশের চলচ্চিত্রে এটি হবে কিনজার নতুন অভিজ্ঞতা। এর আগে ‘প্রিয়তমা’য় ইধিকা পাল এবং ‘রাজকুমার’-এ কোর্টনি কফিকে নিয়ে কাজ করেছেন হিমেল আশরাফ ও আরশাদ আদনান। এবার পাকিস্তানি অভিনেত্রীকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে ‘মহব্বত’-এর শুটিং। এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।




