ভিকি জাহেদের তারকাবহুল ‘খলনায়ক’

তমা মির্জা ও আফরান নিশো
প্রথমবারের মতো বড় পর্দার জন্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করছেন ছোট পর্দার আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। তার সিনেমার নাম রাখা হয়েছে ‘খলনায়ক’। এর মূল দুটি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। তাদের সঙ্গে নারীপ্রধান চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তমা মির্জাকে। ভিকি জাহেদ জানিয়েছেন, ‘খলনায়ক’ সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমা। তিনি বললেন, ‘এটি হবে মানবচরিত্রের গভীর জটিলতা ও রহস্যময়তার এক নতুন চিত্রায়ন। চিত্রনাট্য, কাস্টিং থেকে শুরু করে নির্মাণশৈলী— প্রতিটি ক্ষেত্রেই বৈচিত্র্য ও ভিন্নতা দেখবেন দর্শক। নিশো ভাই ও চঞ্চল ভাইয়ের মতো শক্তিশালী অভিনেতাদের একসঙ্গে পরিচালনা করা যেমন রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং, তেমনই আনন্দের।’
তৃতীয়বার নিশো-তমা
‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর ‘খলনায়ক’-এর মাধ্যমে তৃতীয়বার একফ্রেমে বড় পর্দায় আসছেন আফরান নিশো ও তমা মির্জা। মাঝে ‘দম’-এ নিশোর সঙ্গে জুটি বাঁধেন পূজা চেরি। পূর্ণাঙ্গ চরিত্রে নিজের চতুর্থ চলচ্চিত্র ‘খলনায়ক’ প্রসঙ্গে আফরান নিশো বললেন, ‘ভিকি জাহেদের নির্মাণ, গল্প বলার ধরন অন্যদের থেকে ভিন্ন। নতুন সিনেমাটির চিত্রনাট্য শোনার পরেই মনে হয়েছে এটি দারুণ মনস্তাত্ত্বিক ক্যানভাস। দেশের অন্যতম শীর্ষ ও প্রভাবশালী অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে পারা সবসময়ই আনন্দের ও নতুন চ্যালেঞ্জের। আশা করি, দর্শক নতুন এক অভিজ্ঞতা পাবেন এতে।’
‘দম’-এর পর ‘খলনায়ক’ সিনেমার মাধ্যমে আবার একসঙ্গে কাজ করবেন চঞ্চল-নিশো। এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বললেন, “নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময় উপভোগ্য। ভিকি জাহেদের কাজে সবসময়ই নতুনত্ব ও ভিন্ন ধাঁচের গল্প থাকে। ‘খলনায়ক’ সিনেমায় আমার চরিত্রটি বেশ জটিল ও মনস্তাত্ত্বিক। এটি আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে।”
একঝাঁক তারকা, চমক প্রিয়াঙ্কা
চলচ্চিত্রটিতে বিশেষ একটি চরিত্রে যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এ ছাড়া থাকছেন দেশের একঝাঁক অভিনয়শিল্পী। তাদের মধ্যে আছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতউল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, তুষার খান ও আব্দুল্লাহ আল সেন্টু।
বড় ক্যানভাসে
‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’, ‘তাণ্ডব’ ও ‘দম’-এর মতো দর্শকনন্দিত প্রকল্প তৈরির পর এবার বড় ক্যানভাসে নতুন সিনেমা ‘খলনায়ক’ নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট। এটি হতে যাচ্ছে হইচই স্টুডিওজের সঙ্গে তাদের প্রথম যৌথ উদ্যোগ। শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ, বিস্তারিত তথ্য ও কনটেন্ট প্রকাশ করা হবে।
‘খলনায়ক’-এ কাজ করছেন ভারতীয় চিত্রগ্রাহক শুভঙ্কর ভট ও শিল্প নির্দেশক শিবাজী পাল।
প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি বললেন, “একঝাঁক অসাধারণ তারকা ও দক্ষ কারিগরি টিমের সমন্বয়ে এই সিনেমা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী বাংলাভাষী দর্শকের মন জয় করবে বলে আমি আশাবাদী।”
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বললেন, “বাংলা ভাষার সিনেমাপ্রেমীদের ‘খলনায়ক’-এর মাধ্যমে আমরা বিশ্বমানের
একটি সাইকোলজিক্যাল থ্রিলার উপহার দিতে চাই।”



