শুকু আপা, অসমাপ্ত উপাখ্যান

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু
এক বছরের বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেছেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১২টার দিকে ৫৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনসহ দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
অনিমেষ আইচ, নির্মাতা
শুকু আপাকে চিনি চারুকলার জীবন থেকে। ভীষণ মায়াবী চেহারার শুকু আপা ছিলেন প্রিন্টমেকিং বিভাগের ছাত্রী। তার অদ্ভুত উপস্থিতি আমাদের সবাইকে ছুঁয়ে যেত। তখন আমরা অনেক জুনিয়র। শুকু আপাদের সঙ্গে মেশার সুযোগ খুব একটা হতো না। তবে দূর থেকে দেখতাম তার সাবলীল উপস্থিতি, স্পষ্ট ভাষায় কথা বলা এবং ছবি আঁকার অসাধারণ কৌশল। পরে শুকু আপা পড়াশোনার জন্য শান্তিনিকেতনে চলে যান। সেখানে ডোকরা শিল্প নিয়ে পড়াশোনা করেন। এ শিল্পকর্ম শেখার জন্য প্রায় দুই থেকে আড়াই বছর তিনি শান্তিনিকেতনে ছিলেন। পরে ঢাকায় ফিরে আসেন। নির্মাতা নূরুল আলম আতিকের সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকেই শুকু আপার সঙ্গে আমার ছোট ভাই-বড় বোনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। চোখের সামনে দেখেছি তাদের সংসারের বিবর্তন। জন্ম নিল তাদের প্রথম সন্তান সাধু। তাকে কোলে-পিঠে করে আমরা বড় করতে শুরু করি। সেই সাধু আজ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় কিংবা তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। শুকু আপা ও আতিক ভাইয়ের সংসারের প্রতিটি কোণে ছড়িয়ে থাকা স্মৃতির সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। কাজে-অকাজে তাদের বাসায় গিয়ে পড়ে থাকতাম। শুকু আপার টেবিল, আতিক ভাইয়ের খাট, কম্পিউটার— প্রতিটি জিনিস কেনার প্রত্যক্ষ সাক্ষী আমি।
প্রথম দিকে তিনি চিত্রনাট্য লিখতেন। আমাদের সঙ্গে গল্প করার সময় চিত্রনাট্যের প্রতিটি চরিত্র নিয়ে নিজের মতামত জানাতেন। তার সেই মতামত থেকে আতিক ভাই হয়তো নতুন নতুন শিল্পকর্ম নির্মাণের অনুপ্রেরণা পেতেন। এমনও হয়েছে, আমার নাটকের চরিত্র নিয়েও তাদের সঙ্গে আলাপ করতাম।
আতিক ভাইয়ের ‘লাবণ্য প্রভা’, ‘প্রজ্ঞা পারমিতা’সহ পরবর্তী কাজগুলোতে শুকু আপার উপস্থিতি ছিল একান্ত ও গুরুত্বপূর্ণ। একসময় তিনি আতিক ভাই ছাড়াও অনেকের জন্য চিত্রনাট্য লেখা শুরু করেন। আতিক ভাই নিজের কাজ কমিয়ে দেন। তখন তিনি মূলত চলচ্চিত্র নির্মাণের জন্য সময় বরাদ্দ রাখেন; কিন্তু সংসার তো চালাতে হবে। এর মধ্যে তাদের দ্বিতীয় সন্তান শান্তি পৃথিবীতে আসে। আমি কাছ থেকে দেখেছি একজন সংগ্রামী নারীকে। ঢাকা শহরে একটি পরিবার টিকিয়ে রাখা চারটি কথা নয়। আতিক ভাইকে তিনি সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন লেখাপড়া, চলচ্চিত্র নির্মাণ ও বুদ্ধিবৃত্তিক চর্চার জন্য। অন্যদিকে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শুকু আপা। মাইলের পর মাইল তারা দুজনে হেঁটে চলেছেন। আমি দূর থেকে দেখেছি, কখনো আনন্দে হেসেছি, কখনো শুকু আপার জন্য বেদনা অনুভব করেছি। শুকু আপার অনেক কিছু করার ছিল। কিন্তু নিজের স্বপ্নের দিকে না তাকিয়ে তিনি সংসারের জন্য লড়াই করে গেছেন। ধীরে ধীরে চিত্রনাট্যকার থেকে হয়ে উঠেছেন পরিচালক। শুরু করেন দীর্ঘ ধারাবাহিক, একক নাটক ও টেলিফিল্ম নির্মাণ। এমনও হয়েছে, শুধু অর্থের প্রয়োজনে তিনি বেনামে লিখেছেন। অন্যের নামে পরিচালনা করেছেন সিরিয়াল, নাটকসহ নানা কাজ। এ সবকিছুর পেছনে ছিল একটি পরিবারকে টিকিয়ে রাখার সংগ্রাম।
কয়েক দিন আগে পূজা গেল। আমি একা থাকি। কোথাও থেকে কেউ নিমন্ত্রণ করেনি। শুকু আপা ও আতিক ভাই আগের দিন রাত থেকে ক্রমাগত ফোন করে যাচ্ছিলেন। বলছিলেন, ‘অনিমেষ, আমাদের বাসায় আয়। হাঁস রান্না হইছে।’ খুব বেশি দিন আগের কথা নয়, মাসদেড়েক আগের ঘটনা।
প্রথম যখন শুকু আপার ক্যানসার শনাক্ত হয়, তখন আমার মা-ও ক্যানসারে আক্রান্ত। তার ফোর্থ স্টেজ ক্যানসার ধরা পড়েছে মাত্র। একদিন শুকু আপা আমাদের বাসায় এলেন। আমার বাসা থেকে তারা পরীক্ষা করাতে যাবেন। তিনি আমার বাসায় দীর্ঘ সময় বসে ছিলেন। যাওয়ার সময় তার ব্যাগে কয়েকটি কলা ও এক বোতল পানি দিয়ে বলেছিলাম, ‘শুকু আপা, পরীক্ষা করাতে করাতে যদি ক্লান্ত হয়ে যান, ক্ষুধা লাগে, তাহলে খেয়ে নেবেন, প্লিজ।’ পরে জানা গেল, শুকু আপার ক্যানসার হয়েছে।
আজ শুকু আপা নেই। পড়ে আছে তার অসংখ্য স্মৃতি। অত্যন্ত বিষণ্ন মনে তাকে বিদায় জানিয়েছি, জানাচ্ছি। তবে আমি বিশ্বাস করি, তিনি কখনো আমাদের মন থেকে হারিয়ে যাবেন না। বাংলার আপামর দর্শক-শ্রোতার মন থেকেও মুছে যাবে না তার স্মৃতি।
‘আমি চয়ন’, তিনি ঘুরে তাকিয়েছিলেন
চয়নিকা চৌধুরী, নির্মাতা
শুকু আপা আমাকে চয়ন নামে ডাকতেন। চেন্নাইয়ে আমার সন্তান অসুস্থ থাকার সময় তিনি সেখানে ছিলেন। জানতে চাইতেন, আমার সন্তান কেমন আছে, কোনো সমস্যা হচ্ছে কি না, কোন হাসপাতালে আছি, কী কী লাগবে। অথচ তিনি নিজেই অসুস্থ, নিজেই একজন ক্যানসার রোগী। শেষ দেখা হয়েছে হাসপাতালে। আইসিউতে আমি প্রথমে শুকু আপাকে ডাকলাম; কিন্তু তিনি চুপ ছিলেন। পরে যখন বললাম, ‘শুকু আপা, আমি চয়ন’, তখন তিনি ঘুরে তাকিয়েছিলেন। চোখ বড় বড় করে তাকানো সেই চেহারাটা আমার খুব মনে পড়ছে। যেন অনেক কিছু বলতে চাইছিলেন। আমার জীবনে যত বিপদ-আপদ এসেছে, যতবার তার সঙ্গে কথা হয়েছে, তার ফোন, টেক্সট আর কথাগুলো খুব মনে পড়ছে।
এমন সম্পর্ক সহজে পাওয়া যায় না
জিনাত শানু স্বাগতা, অভিনেত্রী
নিজের সবকিছু উজাড় করে দিয়ে মানুষকে ভালোবাসতেন। এটাই তার সবচেয়ে বড় গুণ। তিনি এত গুণী ছিলেন। এত সুন্দর রান্না করতেন, এত সুন্দর ছবি আঁকতেন, এত ভালো গল্প লিখতেন, এত ভালো নির্দেশনা দিতেন। তার সঙ্গে আমার অনেক কাজ হয়েছে। কাজের বাইরেও তার সঙ্গে আমার যে সম্পর্ক, সেটা অপূরণীয়। এই সম্পর্ক আর কারও সঙ্গে কোনো দিন সম্ভব হবে না। আমরা দুজন বন্ধু ছিলাম, দুজন বোন ছিলাম, দুজন সহযাত্রী ছিলাম। প্রথম পরিচালনার কাজেও তার সঙ্গে ছিলাম। আমার পুরো পরিবারের সঙ্গে তার পরিবারের সম্পর্ক ছিল। এমন সম্পর্ক এখন আর সহজে পাওয়া যায় না।
দুঃখ কাউকে বুঝতে দিতেন না
সুষমা সরকার, অভিনেত্রী
শুকু আপার কাছে আমার অনেক কিছু জানতে চাওয়া হতো। আমার মন খারাপ হলে, কোনো সমস্যা হলে তার কাছে যেতাম। তিনি সুন্দর করে সমাধান দিতেন। তার সঙ্গে আমার সম্পর্ক প্রায় ২০ বছরের। এই ২০ বছরে এমন কোনো ঈদ নেই, যে ঈদে আমি শুকু আপার বাসায় যাইনি, তার বাসায় খাইনি। তার বাসায় সব সময় টেবিল ভর্তি খাবার থাকত। সবাই আসত, খেত। নানা রকম রান্না করতেন তিনি। ক্যানসার ধরা পড়ার পরও যখন তাকে দেখতে সবাই যাচ্ছিল, তখন তিনি বলতেন, ‘তোমরা এরকম করতেছো কেন? আমি তো মরে যাচ্ছি না।’ শেষবার চেন্নাই থেকে ফিরে এলে দেখতে গিয়েছিলাম। চুল গজিয়েছে, হাসছেন, খাবার এনে খাওয়াচ্ছিলেন। নিজের কষ্ট, নিজের দুঃখ কাউকে বুঝতে দিতেন না।
রেখে যাওয়া কাজ
ক্যারিয়ারের শুরুতে ‘মনে মনে’, ‘ডেঙ্গুর দিনগুলিতে প্রেম’—এর মতো টেলিভিশন নাটক লিখে পরিচিতি পান মাতিয়া বানু শুকু। ২০০৮ সালে এনটিভিতে প্রচারিত ‘টু লেট’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ২০০৯ সালে ‘একটা কিনলে আরেকটা ফ্রি’ ধারাবাহিকটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘লাবণ্য প্রভা’, ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’, ‘খোলা চিঠি’, ‘যত’, ‘ধন্যি মেয়ে’ ও ‘তীর ছিল নিয়তির হাতে’। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন শুকু। নূরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার পাশাপাশি সহযোগী পরিচালক ও অঙ্গসজ্জাশিল্পী হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া আতিকের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’র প্রযোজক ছিলেন শুকু। এই চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ প্রযোজকের স্বীকৃতি পান তিনি।





