ফরাসি নায়িকার সঙ্গে সাইফ-বিদ্যা

মেলানি লঁরা, সাইফ আলি খান ও বিদ্যা বালান
‘পরিণীতা’ ও ‘একলব্য’র পর আবারও একসঙ্গে বড় পর্দায় আসছেন বলিউড তারকা সাইফ আলী খান ও বিদ্যা বালান। রিতেশ বাত্রার পরিচালনায় কমেডি-ড্রামা সিনেমা ‘লং ইয়ার্স অ্যাগো’র মাধ্যমে তাদের এই পুনর্মিলন হচ্ছে। চমক হলো, এতে আরও থাকছেন ফরাসি অভিনেত্রী মেলানি লরাঁ। ভারতের মুম্বাইয়ে এর শুটিং শুরু হয়েছে।
সাইফ ও বিদ্যার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত মুখ মেলানি লরাঁকে নিয়ে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক রিতেশ বাত্রা। জিও স্টুডিওস ও গুড ক্যাওসের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘লং ইয়ার্স অ্যাগো’।
নতুন সিনেমার গল্পের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছেন সাইফ। তার মতে, রিতেশ বাত্রার গল্প বলার ধরন বিভিন্ন সংস্কৃতির মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তিনি বলেছেন, “ব্যক্তিগত অনুভূতিনির্ভর গল্প বলার অসাধারণ ক্ষমতা রয়েছে রিতেশের। তার গল্প বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে সংযোগ তৈরি করে। ‘লং ইয়ার্স অ্যাগো’ ভালোবাসা, পরিবার এবং একে অন্যকে যে কথাগুলো বলতে আমরা প্রায়ই দ্বিধায় ভোগী, সেসব নিয়ে তৈরি হচ্ছে। গল্পটির সঙ্গে শুরুতেই একাত্মতা অনুভব করেছি। মেলানি ও বিদ্যার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া রোমাঞ্চকর ব্যাপার।”
অন্যদিকে, এই প্রথম রিতেশ বাত্রার পরিচালনায় কাজ করতে যাচ্ছেন বিদ্যা বালান। পরিচালকের ‘দ্য লাঞ্চবক্স’ দেখার পর থেকেই তার কাজের ভক্ত তিনি। দীর্ঘদিন ধরেই তার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল বলে জানিয়েছেন অভিনেত্রী। বিদ্যা বললেন, “রিতেশ বাত্রার নতুন সিনেমার অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। দীর্ঘদিন ধরে তার সঙ্গে কাজ করার অপেক্ষায় ছিলাম। তা ছাড়া সাইফের সঙ্গে আবারও কাজ করার সুযোগ পাওয়ায় দারুণ লাগছে। তার বিপরীতে ‘পরিণীতা’ ছিল আমার প্রথম চলচ্চিত্র।”
মেলানি লরাঁ এই সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘মারাকেশ চলচ্চিত্র উৎসবে ১৫ বছর আগে রিতেশের সঙ্গে আমার পরিচয় হয়। তখনই একদিন মুম্বাইয়ে একসঙ্গে কাজ করার স্বপ্ন দেখেছিলাম আমরা। তার নতুন সিনেমার গল্প শুনেই আমার ভালো লেগে যায়।’




