চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয়

‘ইন দ্য নাইট নো কন্ট্রোল’ গানের দৃশ্য
‘ইন দ্য নাইট নো কন্ট্রোল’ গানটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ট্রেন্ডে রয়েছে। নব্বইয়ের দশকের ব্লকবাস্টার ‘খিলাড়িওঁ কা খিলাড়ি’ সিনেমার এ রোমান্টিক গানে অক্ষয় কুমার ও রেখার রসায়ন আজও মানুষের মুখে মুখে ফেরে।
বলিউডের ইতিহাস ঘাঁটলে ১৯৯৬ সালের ব্লকবাস্টার সিনেমা ‘খিলাড়িওঁ কা খিলাড়ি’-র নাম আসবেই। অমিতাভ বচ্চনের সিনেমার রেকর্ড ভেঙে বক্স অফিসে বাজিমাত করা এ সিনেমায় খলনায়িকা হিসেবে নজর কেড়েছিলেন রেখা।
বয়সের বড় ব্যবধান থাকা সত্ত্বেও পর্দায় অক্ষয় কুমার ও রেখার বোল্ড কেমিস্ট্রি সে সময় গোটা বলিপাড়ায় তোলপাড় সৃষ্টি করেছিল। সম্প্রতি রেডিটে ভাইরাল হওয়া পরিচালক উমেশ মেহরার একটি পুরনো সাক্ষাৎকার নব্বইয়ের দশকের সেই আলোচিত রোমান্সের স্মৃতিকে ফের উসকে দিয়েছে।
সিনেমাটিতে রেখা ও অক্ষয়ের সেই বহুল চর্চিত সংবেদনশীল দৃশ্যগুলোর শুটিং নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক জানান, দুই ভিন্ন প্রজন্মের তারকা হওয়া সত্ত্বেও সেটে তাদের মধ্যে কোনো আড়ষ্টতা ছিল না। বরং অক্ষয় ও রেখা দুজনেই অত্যন্ত আগ্রহের সঙ্গে সেই দৃশ্যগুলো শুট করেছিলেন।
উমেশ মেহরার ভাষায়, ‘অভিনেতাদের দিক থেকে কোনো দ্বিধা ছিল না। ওরা দুজনেই দৃশ্যগুলো করার জন্য অত্যন্ত উৎসাহী ছিলেন। গান ও দৃশ্যগুলোয় কীভাবে আরও ঘনিষ্ঠতা ফুটিয়ে তোলা যায়, সেই চমৎকার আইডিয়াগুলো রেখা আর অক্ষয় নিজেরাই বের করেছিলেন।’
সাক্ষাৎকারে পরিচালক আরও এক চমকপ্রদ তথ্য প্রকাশ করে জানান, ‘ম্যাডাম মায়া’ নামের ওই লেডি ডন চরিত্রের জন্য শুরুতে এফটিআইআই-এর অভিনেত্রী মিতা বশিষ্ঠকে চূড়ান্ত করা হয়েছিল। এমনকি ভানু আথাইয়া তার কস্টিউমও ডিজাইন করে ফেলেছিলেন।
কিন্তু বিদেশ থেকে ফিরে মিতাকে দেখে পরিচালকের মনে হয় এ শক্তিশালী চরিত্র তিনি ফুটিয়ে তুলতে পারবেন না। এরপরই বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে নিজের গাড়ির ভেতরে ডেকে এনে রেখাকে স্ক্রিপ্ট শোনান উমেশ মেহরা, আর বাকিটা ইতিহাস।
নব্বইয়ের দশকের সেই কালজয়ী অ্যাকশন-রোমান্স আর অক্ষয়-রেখার অফস্ক্রিন সম্পর্ক নিয়ে চর্চা আজও সিনেপ্রেমীদের মুখে মুখে ঘোরে।




