মঞ্চে আসছে শৌখিন থিয়েটারের দ্বাদশ প্রযোজনা ‘পালিয়ে বেড়ায়’
সাংস্কৃতিক প্রতিবেদক

‘পালিয়ে বেড়ায়’ নাটকের মহড়ার দৃশ্য
শৌখিন থিয়েটারের ১২তম প্রযোজনা হিসেবে মঞ্চে আসছে ‘পালিয়ে বেড়ায়’। ১৯৯৯ সালে প্রকাশিত গল্প নিয়ে নাটকটি লিখেছেন মনোজ মিত্র। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে এর উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাট্যদলটি জানিয়েছে, প্রথম প্রদর্শনীতে প্রধান অতিথি থাকবেন অভিনেতা খায়রুল আলম সবুজ। এ ছাড়া উপস্থিত থাকবেন ড. আইরিন পারভীন লোপা ও তপন হাফিজ।
‘পালিয়ে বেড়ায়’-এর কেন্দ্রীয় চরিত্র রূপচাঁদ একজন ভবঘুরে মানুষ, যে সমাজ ও সংসারের চোখে তথাকথিত অপদার্থ। জীবনের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই তার; নেই কোথাও স্থায়ীভাবে থিতু হওয়ার আকাঙ্ক্ষা। দায়িত্ব, কর্তব্য, সম্পর্ক কিংবা জীবনের জটিল সংকটের মুখোমুখি হওয়ার পরিবর্তে সে বারবার পালিয়ে যাওয়ার পথ বেছে নেয়।
নাটকটির নির্দেশনা দিচ্ছেন হামিদুর রহমান পাপ্পু। তিনি মনে করেন, এটি জীবনের দায় ও বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে দ্বিধাগ্রস্ত প্রতিটি মানুষেরই প্রতীকী আখ্যান। অভিনয়ে মো. আলমগীর, দীপু মাহমুদ, আজমিরা কান্তা, সানোয়ার হোসেন, জয়া আহমেদ, রায়হান হোসেন, রাশিদুল হাসান লিটন প্রমুখ।




