ইমরানের নতুন গানের মডেল হলেন রুবাইয়া এশা

রুবাইয়া এশা ও ইমরান মাহমুদুল । ছবি : ফেসবুক
মিউজিক ভিডিওতে বরাবরই চমক রাখেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। মডেল হিসেবে তিনি বেছে নেন নতুন প্রজন্মের অভিনেত্রীদের। এরই ধারাবাহিকতায় এবার তার নতুন গানে মডেল হয়েছেন অভিনেত্রী ও উপস্থাপক রুবাইয়া এশা। এর শিরোনাম ‘সখি মন বুঝলা না’। চলতি মাসেই এটি প্রকাশের কথা রয়েছে।
অভিনয়ে খুব বেশি কাজ না করলেও এরই মধ্যে দর্শকের নজর কেড়েছেন রুবাইয়া এশা। উপস্থাপনার মাধ্যমে আগে থেকেই পরিচিতি ছিল তার। চলতি বছরের শুরুতে ইমরাউল রাফাত পরিচালিত ‘প্রীতি আমি আর আসবো না’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। এতে প্রীতি চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন এশা। একই পরিচালকের ‘অজান্তে’ নাটকেও দেখা গেছে তাকে। দুটিতেই তার সহশিল্পী ছিলেন আরশ খান ও সাদ সালমি নাওভী। গত ২২ অক্টোবর প্রচারে আসে সকাল আহমেদ পরিচালিত ‘বেস্ট ফ্রেন্ড অর বয়ফ্রেন্ড’। এতে আবিদ প্রান্তের বিপরীতে আরিয়া চরিত্রে অভিনয় করেছেন এশা। নাটকটি প্রচারের পর দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
উপস্থাপনা পেশা হলেও অভিনয়ের প্রতি এশার রয়েছে বিশেষ ভালোবাসা। তিনি বলেছেন, ‘অভিনয় প্রাণের খোরাক। ছোটবেলা থেকেই অভিনয়ে যুক্ত হওয়ার সুপ্ত ইচ্ছা ছিল। সেই ইচ্ছা থেকেই ধীরে ধীরে অভিনয়ের প্রতি ভালো লাগা তৈরি হয়েছে। উপস্থাপনার কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি নিয়মিত অভিনয় ও মডেলিং করতে চাই।’
ইমরানের মিউজিক ভিডিওতে আলোচিত অভিনেত্রীদের উপস্থিতি অবশ্য নতুন নয়। এর আগে সাফা কবির, কেয়া পায়েল, সাবিলা নূর, তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দীঘি, সারিকা সাবরীন, নাদিয়া মিমসহ অনেকেই তার গানের মডেল হয়েছেন।
ইমরানের গানে সাফা কবিরকে দেখা গেছে ‘এমন একটা তুমি চাই’ ও ‘আমার কাছে তুমি অন্যরকম’ গানে। কেয়া পায়েল মডেল হয়েছেন ‘এতো ভালোবাসি’, ‘আলো’, ‘পরাণ বন্ধুরে’, ‘কে তোমাকে এতো ভালোবাসতে পারে’ ও ‘পারব না তোমাকে ছাড়তে’ গানে। প্রার্থনা ফারদিন দীঘি ছিলেন ‘চোখে চোখে’ গানের মডেল। সারিকা সাবরীন ‘আমি নিঃস্ব হয়ে যাব’ এবং মারিয়া নূর ‘শুধু তোমায় ঘিরে’ গানে ছিলেন। এ ছাড়া ‘জানি পাবো না’ গানে নাদিয়া মিম, ‘তোমারই আছি’ গানে সাবিলা নূর, ‘কী জ্বালা দিলা তুমি’ গানে শায়লা সাবি, ‘শেষ সূচনা’ গানে তানজিন তিশা, ‘মেঘের ডানায়’ গানে দর্শনা বণিক, ‘ঠিক বেঠিক’ গানে কলকাতার অভিনেত্রী জেসমিন রায়, ‘ওরে জান’ গানে নাজনিন নিহা, ‘প্রেম’ গানে অনিন্দিতা মিমি এবং ‘কে রাখে আমারে’ গানে সৌমী মডেল হয়েছেন।




