এ লড়াই নারী-পুরুষের নয়, পিতৃতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে: কৃতি শ্যানন

পোশাক নিয়ে দিন কয়েক আগেই বিতর্কে জড়িয়েছিলেন বলিউড তারকা কৃতি শ্যানন। ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেত্রী এবার এক লড়াইয়ের ভাবনা সামনে নিয়ে এলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি স্পষ্ট জানালেন, এ লড়াই ‘নারী বনাম পুরুষ’-এর নয়; বরং পিতৃতান্ত্রিক মানসিকতা এবং সেই মানসিকতার সমর্থনকারীদের বিরুদ্ধে।
বিহারে এক তরুণীর হেনস্তার ঘটনায় যখন ভারত জুড়ে ক্ষোভ ও আলোচনা চলছে, তখনই এমন পোস্ট প্রকাশ করলেন ৩৬ বছর বয়সী এ তারকা।
১৯ সেপ্টেম্বর বিহারের জমুইয়ে দশম শ্রেণির এক ছাত্রী এবং তার সহপাঠীকে একদল যুবক আটকে রেখে মারধর ও হেনস্তা করে। শুধু তাই নয়, পুরো ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এর কয়েক সপ্তাহ আগে রাখিবন্ধনের একটি বিজ্ঞাপন গিলে বিতর্কের মুখে পড়েছিলেন কৃতি। উৎসবের বিজ্ঞাপনে ‘ছোট’ পোশাক পরায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে নিয়ে কটূক্তি করেন। বিতর্ক ও সমালোচনা বাড়ার কারণে সেই বিজ্ঞাপন সরিয়ে ফেলা হয়।
সরাসরি না বললেও, এ দুটি ঘটনাকে ইঙ্গিত করে ‘মিমি’খ্যাত তারকা কৃতি লিখেছেন, ‘এই দেশে ধর্ষণ, পারিবারিক সহিংসতা ও যৌতুকের কারণে মৃত্যুর ঘটনায় যতটা ক্ষোভ দেখা যায় না, তার চেয়ে বেশি ক্ষোভ দেখা যায় কোনো উৎসবের বিজ্ঞাপনে একজন অভিনেত্রীর ক্লিভেজ দেখা গেলে। এটিই আমাদের মানসিকতার বিষয়ে অনেক কিছু বলে দেয়।’ এমন মানসিকতার বিরুদ্ধে লড়াই চালু রাখার ইঙ্গিতও দিয়েছেন তিনি।




