আমার স্পিরিট ঠিক আছে

তারিক আনাম খান
ওয়েব সিরিজ‘ফেউ’-এ নজর কেড়েছে তারিক আনাম খানের অভিনয়। নতুন কাজ ও মঞ্চে ফেরার পরিকল্পনা নিয়ে তিনি কথা বলেছেন মীর রাকিব হাসানের সঙ্গে
রুনা লায়লার সংগীতজীবন উদযাপনের অনুষ্ঠান উপস্থাপনার অভিজ্ঞতা কেমন?
এক কথায় অসাধারণ। ষাট থেকে শুরু করে সত্তর, আশি, নব্বই— এভাবে বিভিন্ন দশক ধরে তার সংগীতজীবন তুলে ধরা হয়েছে। তার শুরুর দিকের যাত্রা, কীভাবে গান শুরু করলেন, পারিবারিক পরিবেশ— এসব বিষয়ও উঠে এসেছে।
মঞ্চে রুনা লায়লাকে কেমন লাগল?
তার রসবোধ অসাধারণ। মঞ্চে এসে বললাম, ‘দেখুন, আপনার সামনে দাঁড়িয়ে আমার হাত কাঁপছে!’ আসলে ইচ্ছা করে হাত কাঁপাচ্ছিলাম। তিনি সেটা বুঝে নিজের দুই হাত কাঁপাতে শুরু করলেন। বললেন, ‘আমার তো দুই হাতই কাঁপছে, দেখেন!’ একপর্যায়ে নাচের প্রসঙ্গ এলো। আমি নাচের ভঙ্গি দেখিয়ে বললাম, ‘আপনি কি এভাবে নাচেন?’ তিনি বললেন, ‘নাচ শেখাতে হবে নাকি?’ পরে দুজন একটু নাচলাম। সেদিন তিনি টানা কয়েক ঘণ্টা গান গেয়েছেন। তার মধ্যে কোনো ক্লান্তি ছিল না। মনে হয়, বয়স তাকে স্পর্শই করেনি।
আপনিও তো একই রকম প্রাণবন্ত...
এখন দাড়ি-টাড়ি একটু বেড়ে গেছে! তবে আমার স্পিরিট ঠিক আছে। যখন সেটে যাই, আশপাশের সবার সঙ্গে কথা বলি। জুনিয়র আর্টিস্ট থেকে পরিচালক— সবাইকে নিয়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজ করার চেষ্টা করি।
আপনার কাছ থেকে নতুনরা অনেক কিছু শিখতে পারে।
আমাদের দেশে অভিনয়ের জন্য খুব বেশি স্কুল বা প্রশিক্ষণ একাডেমি নেই। তাই সিনিয়রদের অভিজ্ঞতা জুনিয়রদের কাজে লাগতে পারে। তবে আমি শুধু শেখানোর জন্য বলি না, নিজেও শিখি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও আপনাকে তরুণদের নানা পরামর্শ দিতে দেখা যায়। এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া পান?
কখনো কোনো পরামর্শ বা মন্তব্য নিয়ে হয়তো নেতিবাচক প্রতিক্রিয়া আসে। সেটি গুরুত্বপূর্ণ নয়। আমি যা বলছি, সেটি ঠিক কি না— সেটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি যা বলব, সেটি যে একেবারে বেদবাক্য, এমনও মনে করি না।
১৯৭৬ সালে ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামায় প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। বাংলাদেশে এ ধরনের একটি পূর্ণাঙ্গ অভিনয় বা চলচ্চিত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে না ওঠা কি আপনাকে হতাশ করে?
হতাশা তো আছেই। একটা প্রতিষ্ঠান প্রজন্মের পর প্রজন্ম ধরে বিভিন্ন বিষয়ের দক্ষ কলাকুশলী গড়তে পারত। কিছু তৈরিও হয়েছে; কিন্তু সামগ্রিকভাবে আরও বড় আয়োজনের কিছু হতে পারত। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা হলো থিয়েটারের প্রতিষ্ঠান। চলচ্চিত্রের ক্ষেত্রে পুনেতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া রয়েছে। রাজকুমার হিরানিসহ অনেক চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও প্রযুক্তিবিদ তৈরি হয়েছেন ওই প্রতিষ্ঠান থেকে। অভিনয় ছাড়াও সিনেমাটোগ্রাফি, সম্পাদনা ও চলচ্চিত্রের অন্যান্য বিষয় সেখানে শেখানো হয়।



