তরুণদের সংগ্রামের গল্প নিয়ে দেশের ১০ হলে আসছে ‘অন্যপাতা’

নিজেদের পকেটের টাকায় একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন চার বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থী। সিনেমা নির্মাণে আগে কারও তেমন অভিজ্ঞতা ছিল না। বড় কোনো প্রযোজকের সহযোগিতা ছাড়াই কাজটি শেষ করেছেন তারা।
প্রায় দুই বছর ধরে নানা প্রতিকূলতা পেরিয়ে ‘অন্যপাতা’ নামের সিনেমাটি দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আজ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে এটি। এসজেএ প্রোডাকশনের ব্যানারে এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক মো. শাহেজাহান এ্যানি। তিনি চুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী।
তার কথায়, “এ অভিজ্ঞতা অনেকটাই জাদুময়। সিনেমা বানাতে গিয়ে আবিষ্কার করেছি, আমার চারপাশের প্রত্যেকেই কতটা দারুণ আর সহায়তাপ্রবণ। শুরুতে ছয়জন মিলে শুরু করলেও ধীরে ধীরে ৪০ জনে দাঁড়িয়েছে। তাই মাঝেমধ্যে আমরা বলি, ‘অন্যপাতা’ আমরা বানাইনি, ‘অন্যপাতা’ই আমাদের বানিয়েছে।”
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। মধ্যবিত্ত পরিবারের এক তরুণের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন, অর্থ সংকট, পরিবারের প্রত্যাশা, ভালোবাসা ও পরিচয়ের সংকট উঠে এসেছে এতে। পরিচালকের ভাষায়, এটি পরীক্ষামূলক কোনো গল্প নয়; বরং তরুণদের প্রতিদিনের সংগ্রামের গল্প।
সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়া শাকিল ও প্রত্যাশা পাল। দুজনের কাছেই এটি বিশেষ অভিজ্ঞতা। প্রত্যাশা বললেন, ‘গল্পটির প্রতি একটি দায়িত্ব ছিল, সেটি পুরোপুরি পালনের চেষ্টা করেছি।’
১ ঘণ্টা ৪০ মিনিটের এই সিনেমায় রয়েছে ছয়টি মৌলিক গান। চিত্রগ্রহণ করেছেন ইব্রাহিম বিন আনছারী। সংগীত পরিচালনায় ফাহরিয়াজ তাসজিম মনন। আবহসংগীত তৈরি করেছেন আইনান।




