এক দশক পর বিলবোর্ডের শীর্ষস্থানে মাইলি সাইরাস

কনসার্টে গান গাইছেন মাইলি সাইরাস
এক দশকেরও বেশি সময় পর বিখ্যাত রেকর্ড চার্ট ‘বিলবোর্ড ২০০’-এর তালিকার শীর্ষে আবারও জায়গা করে নিলেন আমেরিকান গায়িকা মাইলি সাইরাস। বিলবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়া তার দশম স্টুডিও অ্যালবাম ‘বেজ পারসুয়েডস’-এর কল্যাণে এ কীর্তি গড়েছেন তিনি।
এটি মর্যাদাপূর্ণ এ তালিকার শীর্ষে জায়গা পাওয়া মাইলির ষষ্ঠ অ্যালবাম। এর আগে সর্বশেষ ২০১৩ সালে তিনি ‘ব্যাংগার্জ’ অ্যালবামের জন্য এমন সাফল্য পেয়েছিলেন।
অন্তত ১০ বছর অপেক্ষার পর চলতি বছর বিলবোর্ড ২০০-এর শীর্ষস্থান ফিরে পাওয়া শিল্পীদের মধ্যে মাইলি তৃতীয়। তার আগে ৩১ জানুয়ারি ‘ডোন্ট বি ডাম্প’ অ্যালবামের জন্য ২০১৫ সালের জুনের পর প্রথমবার শীর্ষস্থান ফিরে পান আমেরিকান র্যাপার অ্যাসাপ রকি।
এরপর ১৪ মার্চ ‘দ্য রোমান্টিক’ অ্যালবামের মাধ্যমে ২০১৩ সালের পর এই মর্যাদা পুনরুদ্ধার করেন তার স্বদেশি গায়ক ব্রুনো মার্স।
মাইলির ‘বেজ পারসুয়েডস’ অ্যালবামে টাইটেল ট্র্যাকের পাশাপাশি আরও রয়েছে ‘ডিফারেন্ট রিলিজন’, ‘লেটস গেট ম্যারিড’, ‘অরবিট’, ‘আফটারম্যাথ’, ‘রেডলাইটস’, ‘নিয়ন সাইনস’, ‘ইনোসেন্ট ওয়েজ’, ‘স্নো’ ও ‘বেজ পারসুয়েডস রিমিক্স’ শিরোনামের গান।
এগুলোর সঙ্গে আইটোন স্টোরের জন্য বোনাস ট্র্যাক হিসেবে রয়েছে ‘স্মাইল’। সব গানই এক বা একাধিক সহলেখকের সঙ্গে লিখেছেন মাইলি নিজে।
টাইটেল ট্র্যাকে হেভি মিউজিক এবং ক্লাবে বাজানোর উপযোগী ড্যান্স বিটের আবেশ থাকলেও সামগ্রিকভাবে এ অ্যালবামে পরিচিত বা স্বস্তিদায়ক সুর এবং সংযত কণ্ঠের ব্যবহারে কিছুটা সতর্কতা অবলম্বন করেছেন গায়িকা।




