পোপের অতিথি হলেন বব ডিলান

পোপ চতুর্দশ লিও এবং বব ডিলান - রয়টার্স
আমেরিকান সংগীতশিল্পী ও গীতিকার বব ডিলানকে নিজের সরকারি বাসভবন রোমের অ্যাপোস্টলিক প্যালেসে আতিথেয়তা দিয়েছেন পোপ চতুর্দশ লিও। গত বুধবার ইতালি সফরের অংশ হিসেবে রোমে পৌঁছালে ডিলানের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন তিনি।
৮৫ বছর বয়সী ডিলান এদিন প্রায় পুরোপুরি কালো পোশাকে এসেছিলেন। মাথায় হুডি, হাতে গ্লাভস ও ছাতা—সব মিলিয়ে তার পোশাকের সঙ্গে পোপের সাদা ধর্মীয় পোশাকের ছিল স্পষ্ট বৈপরীত্য। দুজনেরই জন্ম যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে। ভ্যাটিকান নিউজ জানিয়েছে, তাদের এই সাক্ষাৎ ছিল সংক্ষিপ্ত।
সাক্ষাতে ডিলানকে একটি জপমালা উপহার দেন পোপ লিও। বিনিময়ে নোবেলজয়ী এই সংগীতশিল্পী পোপকে উপহার দেন নিজের আত্মজীবনী ‘ক্রনিকলস: ভলিউম ওয়ান’।
‘রাফ অ্যান্ড রাউডি ওয়েজ’ ট্যুরের অংশ হিসেবে ইতালির কয়েকটি শহরে সংগীত পরিবেশন করছেন ডিলান।
এর আগে নিজের একটি বইয়ের ভূমিকায় ডিলানের একটি অপ্রকাশিত গানের কথা উদ্ধৃত করেছিলেন পোপ লিও। বইটির নাম ‘ডিসআর্মড অ্যান্ড ডিসআর্মিং: পিস ইজ আ গিফট’।
১৯৬৩ সালে স্নায়ুযুদ্ধের উত্তাল সময়ে গানটি লিখেছিলেন ডিলান। তবে কখনো এটি রেকর্ড করা হয়নি। ২০১৩ সালে এর টাইপ করা পাণ্ডুলিপি আবিষ্কৃত হয় এবং নিলামে তোলা হয়। বইটির ভূমিকায় গানটির উদ্ধৃতি দিয়ে বিশ্ব জুড়ে নতুন করে অস্ত্রসজ্জার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছিলেন পোপ।
এর আগে ১৯৯৭ সালে পোপ দ্বিতীয় জন পলের সঙ্গে দেখা হয়েছিল ডিলানের। সেই বছর ইতালির বোলোনিয়ায় ২৩তম জাতীয় ইউকারিস্টিক কংগ্রেসে প্রায় তিন লাখ তরুণের সামনে সংগীত পরিবেশনের আমন্ত্রণ পান তিনি।




