শাহরুখের এক সপ্তাহের নাশতা বদলে দিয়েছিল ব্যবসার মোড়

বলিউড সুপারস্টার শাহরুখ খান
বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন আজ। পর্দার বাইরে তার আতিথেয়তার কথা কে না জানে! তারকাখ্যাতির আড়ালে মানুষের প্রতি আন্তরিকতা ও সহমর্মিতাই তাকে বাদশার আসনে বসিয়েছে। রাজেশ নায়েক নামের সাধারণ একজন মানুষের স্মৃতিতে সেটি নতুন করে উঠে এলো।
২০০১ সালে মুক্তি পাওয়া ‘অশোকা’ সিনেমার শুটিং চলাকালে টানা সাত দিন শাহরুখ খানের সঙ্গে সকালের নাশতা উপভোগের সুযোগ পেয়েছিলেন তিনি। শুধু তা-ই নয়, তার প্রতিষ্ঠানের ১৭ জন কর্মী শাহরুখের সঙ্গে দেখা করার পর এতটাই উজ্জীবিত হয়েছিলেন, সেই বছর তাদের প্রতিষ্ঠানের বিক্রি বেড়ে গিয়েছিল প্রায় ২৪ শতাংশ!
কীভাবে সাধারণ মানুষ হয়েও শাহরুখ খানের সঙ্গে এক সপ্তাহ নাশতা করার সুযোগ পেয়েছিলেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে ৬৬ বছর বয়সী রাজেশ নায়েক জানিয়েছেন,
এক্সেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ তাকে রাজস্থানের জয়পুরে প্রতিষ্ঠানটির কার্যক্রম দেখভালের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল। তার ঘনিষ্ঠ বন্ধু প্রয়াত রবি ইন্দুলকর ছিলেন শাহরুখ খানের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট। বন্ধুর নিমন্ত্রণ পেয়ে জয়পুর শহর থেকে ২২ কিলোমিটার দূরে ‘অশোকা’র শুটিংয়ে যান রাজেশ। নাশতা খাওয়া শেষে শাহরুখ বললেন, ‘আপনি কি প্রতিদিন নাশতা করতে আসবেন?’
শাহরুখের নিমন্ত্রণ উপেক্ষা করতে পারেননি রাজেশ। একদিন রাজেশের অফিসের সহকর্মীরা শুটিং দেখার সুযোগ পান। রাজেশ বললেন, ‘শাহরুখের সঙ্গে দেখা করার পর এবং তার কাছ থেকে আন্তরিক ব্যবহার পেয়ে আমার দলের সদস্যরা দারুণ উজ্জীবিত হয়ে উঠেছিল। ওই বছর আমাদের প্রতিষ্ঠানের বিক্রি ২৪ শতাংশ বেড়েছিল।’



