তাহসানের ফেরা

তাহসান খান। ছবি: ইনস্টাগ্রাম
সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান ‘ফ্যামিলি ফিউড’ সঞ্চালনা করে প্রশংসা কুড়িয়েছেন। এরমধ্যে গান ছেড়ে দেওয়া, ফেসবুক থেকে দূরে থাকা, বিয়ে, বিচ্ছেদসহ বিভিন্ন কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি। নতুন খবর হলো, আবারও সঞ্চালনায় ফিরছেন তিনি। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সংগীত প্রতিযোগিতা ইউরোভিশনের এশিয়া অংশের প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনের আয়োজনে দেখা যাবে তাকে। ‘ভয়েস অব বাংলাদেশ’ শীর্ষক জাতীয় প্রতিযোগিতা নিয়ে আগামী ২২ জুলাই রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠানে বিচারক হিসেবে থাকবেন হামিন আহমেদ, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর। তাদের মূল্যায়নের পাশাপাশি দর্শক ভোটের সমন্বয়ে নির্বাচিত হবে বাংলাদেশের প্রতিনিধি।
বাংলাদেশে এই আয়োজনের সম্প্রচার সহযোগী এনটিভি, প্রযোজনার দায়িত্ব পালন করছে বঙ্গ।
সাত দশকেরও বেশি সময় ধরে ইউরোভিশন বিশ্বের সবচেয়ে বড় লাইভ সংগীত প্রতিযোগিতার মধ্যে অন্যতম। প্রথমবারের মতো আয়োজিত এর এশীয় সংস্করণে অংশ নিচ্ছে বাংলাদেশ।
একক শিল্পী, দ্বৈত কিংবা সর্বোচ্চ ছয় সদস্যের দল এতে অংশ নিতে পারবে। অংশগ্রহণকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং জমা দেওয়া গান অবশ্যই মৌলিক ও সর্বোচ্চ তিন মিনিট দৈর্ঘ্যের হতে হবে। ইউরোভিশনের নিয়ম অনুযায়ী, প্রতিযোগীকে নিজের গান লাইভ পরিবেশন করতে হবে।
প্রাথমিক বাছাই শেষে সেরা ১২ জন প্রতিযোগীকে নিয়ে সরাসরি সম্প্রচার হবে জাতীয় পর্ব। প্রতিযোগিতায় বিজয়ী শিল্পী ও তার মৌলিক গান আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।




