দীর্ঘ বিরতির পর প্রকাশ্যে এমা ওয়াটসন, স্মরণসভায় গাইলেন গানও
বিনোদন ডেস্ক

এমা ওয়াটসন
দীর্ঘদিন পর প্রকাশ্যে দেখা গেল হলিউড অভিনেত্রী এমা ওয়াটসনকে। নারী অধিকার আন্দোলনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব গ্লোরিয়া স্টেইনেমের স্মরণসভায় অংশ নিয়ে আবারও আলোচনায় এসেছেন ‘হ্যারি পটার’ তারকা। গত ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পার্ক অ্যাভিনিউ আর্মরিতে আয়োজিত এ অনুষ্ঠানে শুধু অতিথি হিসেবেই নয়, সংগীত পরিবেশনাকারী ১২ সদস্যের গায়কদলের অংশ হিসেবেও উপস্থিত ছিলেন ৩৬ বছর বয়সী তারকা।
‘ইটস স্টেইনেমাইট!’ শিরোনামের এ আয়োজনে বিনোদন, রাজনীতি, ফ্যাশন ও অধিকারকর্মীসহ বিভিন্ন অঙ্গনের প্রায় এক হাজার বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। তাদের মধ্যে ছিলেন মিশেল ওবামা, জিল বাইডেন, হিলারি ক্লিনটন, সিনথিয়া এরিভো ও সিন্ডি লপার। গায়কদলের সঙ্গে হেইডি অ্যান উইলসনের ‘হোল্ড অন’ গানটি পরিবেশন করেন এমা।
অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিলেও সামাজিক ও মানবাধিকারমূলক কর্মকাণ্ড থেকে সরে যাননি তিনি। ২০১৪ সালে জাতিসংঘের নারী সংস্থা ইউএন উইমেনের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পান। তার উদ্যোগে শুরু হয় ‘হি ফর শি’ প্রচারাভিযান। মাত্র ১০ বছর বয়সে ‘হ্যারি পটার’ সিরিজে হারমায়োনি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্ব জুড়ে পরিচিতি পান এই অভিনেত্রী। প্রায় দুই দশক নিয়মিত অভিনয়ের পর ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘লিটল উইমেন’-এর পর থেকে বড় পর্দায় আর দেখা যায়নি তাকে। এমা জানিয়েছেন, সিনেমার প্রচারণায় এমন সব বিষয়ের পক্ষে কথা বলতে হতো, যেগুলোর নির্মাণে তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল সীমিত। এতে নিজেকে একধরনের খাঁচায় বন্দি মনে হতো। নিজের পরিচয়, সৃজনশীল স্বাধীনতা ও ব্যক্তিগত জীবন ফিরে পেতেই বিরতি নিয়েছিলেন তিনি।




