সিনেমা করতে গিয়ে মারা গিয়েছেন যে অভিনয়শিল্পীরা

গ্রাফিকস: আগামীর সময়
দর্শকদের বিনোদন দিতে গিয়ে ক্যামেরার সামনে কিংবা শুটিং সেটেই আকস্মিকভাবে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশ-বিদেশের বহু জনপ্রিয় অভিনেতা। কখনো প্রাণঘাতী স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনা, আবার কখনো শুটিংয়ের ফাঁকে আকস্মিক অসুস্থতা কেড়ে নিয়েছে তাদের প্রাণ।
মঙ্গলবার বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু আবারও ফিরিয়ে এনেছে শুটিং সেটে তারকাদের এমন মর্মান্তিক বিদায়ের স্মৃতি। একনজরে দেখে নেওয়া যাক শুটিং সেটে প্রাণ হারানো দেশ-বিদেশের উল্লেখযোগ্য কয়েকজন তারকার কথা,
সোহেল খান (বাংলাদেশ)
২৪ নভেম্বর সকালে বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ সোহেল খান। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। অভিনেতার এই আকস্মিক বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে দেশের চলচ্চিত্র অঙ্গনে।
আহমেদ রুবেল (বাংলাদেশ)
অভিনেতা আহমেদ রুবেল ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিজের অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে যোগ দিতে গিয়ে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সেদিন বিকেলে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেজমেন্ট পার্কিংয়ে গাড়ি রেখে লিফটের দিকে যাওয়ার সময় তিনি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে পরিচালক নুরুল আলম আতিক ও উপস্থিত লোকজন তাকে দ্রুত পাশের স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
মনির হোসেন (বাংলাদেশ)
শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলাকালে রাজশাহীর হাই-টেক পার্কের সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকাই সিনেমার এক যুগেরও বেশি সময়ের অভিজ্ঞ এই স্টান্টম্যান। ৩ মে ২০২৫ তারিখে দুপুরে শট দেওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (ভারত)
ভারতের পশ্চিমবঙ্গে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন জলে ডুবে মারা যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিতে ওই দিন ইউনিটসহ তালসারিতে গিয়েছিলেন রাহুল। শুটিংয়ের একপর্যায়ে তিনি সমুদ্রে নামেন। এরপরই হঠাৎ পানিতে তলিয়ে যান এই অভিনেতা ।
অনিল ও রাঘব উদয় (ভারত)
২০১৬ সালে কন্নড় সিনেমা ‘মাস্তি গুড়ি’-র একটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হেলিকপ্টার থেকে জলাধারে ঝাঁপ দেন অভিনেতা অনিল ও রাঘব উদয়। সাঁতার না জানায় এবং পর্যাপ্ত উদ্ধার ব্যবস্থা না থাকায় পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় এই দুই অভিনেতার।
রিমা লাগু, রসিকা জোশি (ভারত)
বলিউড ও ভারতীয় টেলিভিশনের এই তিন জনপ্রিয় শিল্পীই তাদের চলমান প্রজেক্টের কাজ শেষ করার পরপরই বা শুটিং চলাকালীন শারীরিক জটিলতায় ভুগে না ফেরার দেশে পাড়ি জমান। ২০১৭ সালের ১৮ মে জনপ্রিয় অভিনেত্রী রিমা লাগু টিভি সিরিয়াল ‘নামকরণ’-এর শুটিং শেষ করে বাসায় ফেরার কয়েক ঘণ্টা পরই মধ্যরাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
অন্যদিকে, ‘ভুল ভুলাইয়া’ ও ‘মালামাল উইকলি’ খ্যাত অভিনেত্রী রসিকা জোশি ব্লাড ক্যানসারে আক্রান্ত অবস্থায়ও রাম গোপাল ভার্মার ‘নট আ লাভ স্টোরি’ সিনেমার শুটিং চালিয়ে গিয়েছিলেন। সেটে রক্তবমি হওয়া সত্ত্বেও নিজের শেষ শট সম্পন্ন করার কয়েক দিনের মাথায় ২০১১ সালের ৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
ব্র্যান্ডন লি (হলিউড)
১৯৯৩ সালে ‘দ্য ক্রো’ সিনেমার একটি দৃশ্যে প্রপ বন্দুক থেকে শুধু শব্দ ও ধোঁয়া তৈরির নকল গুলি ছোড়ার কথা ছিল, কিন্তু শুটিং ইউনিটের অসাবধানতায় আগের একটি দৃশ্যে ব্যবহৃত ডামি কার্তুজের একটি সিসার মাথা বন্দুকের নলের ভেতরে আটকে ছিল।
দৃশ্যধারণের সময় সহ-অভিনেতা ট্রিগার চাপলে ব্ল্যাঙ্ক কার্তুজের বারুদের প্রচণ্ড বিস্ফোরণে নলের ভেতরে আটকে থাকা সেই সিসার টুকরোটি আসল গুলির মতোই তীব্র গতিতে ছিটকে বেরিয়ে ব্র্যান্ডন লির তলপেটে বিদ্ধ হয়। প্রচণ্ড অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
ভিক মোরো (হলিউড)
১৯৮২ সালে ‘টোয়াইলাইট জোন: দ্য মুভি’-র একটি যুদ্ধের দৃশ্য ধারণের সময় অভিনেতা ভিক মোরো দুই শিশুশিল্পীকে কোলে নিয়ে জলাশয় পেরিয়ে দৌড়াচ্ছিলেন এবং পেছন থেকে খুব নিচ দিয়ে একটি হেলিকপ্টার তাদের তাড়া করছিল। দৃশ্যটি বাস্তবসম্মত করতে হেলিকপ্টারটির ঠিক নিচে শক্তিশালী বোমা বিস্ফোরণের স্পেশাল ইফেক্ট ব্যবহার করা হলে বিস্ফোরণের তাপে ও ধ্বংসাবশেষে হেলিকপ্টারের পেছনের পাখা ভেঙে যায়। ফলে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং হেলিকপ্টারটি সরাসরি নিচে থাকা ভিক মোরো ও দুই শিশুর ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়।
জন-এরিক হেক্সাম (হলিউড)
১৯৮৪ সালের ১২ অক্টোবর ‘কভার আপ’ সিরিজের শুটিং বিরতিতে মজা করে মাথায় ব্ল্যাঙ্ক কার্তুজভরা রিভলবার ঠেকিয়ে ট্রিগার চাপেন জন-এরিক হেক্সাম। বারুদের প্রচণ্ড চাপে মাথার খুলি ভেঙে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে অস্ত্রোপচারের পরও ছয় দিন পর ১৮ অক্টোবর তাকে ‘ব্রেইন ডেড’ ঘোষণা করা হয়।
জন রিটার (হলিউড)
২০০৩ সালের ১১ সেপ্টেম্বর জনপ্রিয় সিটকম ‘এইট সিম্পল রুলস’-এর রিহার্সাল চলাকালীন শুটিং সেটেই হঠাৎ প্রচণ্ড ঘাম, বমি ভাব ও তীব্র বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা জন রিটার। দ্রুত তাকে পাশের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা শুরুতে সাধারণ হার্ট অ্যাটাক ভেবে ভুল চিকিৎসা শুরু করেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ‘অ্যাওর্টিক ডিসেকশন’ নামক প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছিলেন। আসল রোগ ধরতে দেরি হওয়ায় তার অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং সেদিন রাতেই জরুরি অস্ত্রোপচার চলাকালীন তার মৃত্যু হয়।






