‘আপত্তিকর ছবি’ ছড়ানোর অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা

তানজিন তিশা। ছবি: কোলাজ
শাড়ি-কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার নতুন আইনি জটিলতায় পড়লেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি প্রকাশ এবং ভুল তথ্য ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা করা হয়েছে।
মামলার বাদী ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী। আজ রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি করা হয়।
শুনানি শেষে বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, এর আগে গত ২৮ অক্টোবর অভিনেত্রীকে আইনি নোটিস পাঠানো হয়েছিল।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর দুটি পৃথক মামলা চলমান রয়েছে। এসব মামলার পর প্রতিহিংসাবশত গত ২৭ অক্টোবর তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীকে নিয়ে আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেন। একই সঙ্গে গণমাধ্যমের কাছেও ভুল তথ্য উপস্থাপন করা হয়।
অভিযোগে জানানো হয়, গত বছরের ৭ নভেম্বর তিশা ফেসবুক মেসেঞ্জার কলে বাদীকে ‘ভাইরাল করার’ হুমকি দিয়েছিলেন। পরবর্তী সময়ে গত ২৭ অক্টোবর বাদীর অজান্তে এক নারীকে চুম্বনের একটি ছবি এবং দুই নাবালক শিশুর ছবি ফেসবুকে প্রকাশ করেন অভিনেত্রী।
পোস্টে তিশা মন্তব্য করেছিলেন, ‘সেখানে এ দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে এত ঘৃণা কেন? একজনকে তো মামলা আগে দেখিওনি।’
বাদীর দাবি, ২৭ অক্টোবর রাতে বিষয়টি তার নজরে আসার পরদিন আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে তিশাকে আইনি নোটিস পাঠানো হয়। সেখানে দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হলেও তা অপসারণ করা হয়নি।
এ ছাড়া বিভিন্ন ব্যক্তির কাছে বাদী সম্পর্কে আপত্তিকর মন্তব্য এবং আদালতের মামলা নিয়ে কটূক্তি করায় সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় অভিযোগ করেন তিনি।




