‘দ্য ব্যাটম্যান পার্ট ২’ ছাড়ছেন না ম্যাট রিভস

সংগৃহীত ছবি
ডিসি ইউনিভার্সের অন্যতম সবচেয়ে কাঙ্ক্ষিত চলচ্চিত্র ‘দ্য ব্যাটম্যান পার্ট ২’ ঘিরে ভক্তদের উদ্বেগের শেষ নেই। পরিচালক ম্যাট রিভস ব্যক্তিগত ও পারিবারিক কারণে সাময়িকভাবে শুটিং থেকে সরে দাঁড়ানোর পর ছবিটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে ভক্তদের সব শঙ্কা দূর করে ছবির শুটিং শেষ করতে ত্রাতা হিসেবে হাজির হয়েছেন হলিউডের অস্কারজয়ী বিখ্যাত পরিচালক স্টিভেন সোডারবার্গ।
চলতি মাসের শুরুর দিকে ওয়ার্নার ব্রস ও ডিসি স্টুডিও ঘোষণা দেয় যে, একটি অনভিপ্রেত পারিবারিক জরুরি অবস্থার কারণে ম্যাট রিভস সাময়িকভাবে বিরতি নিচ্ছেন। ফলে পিছিয়ে যায় ছবিটির শুটিং ও মুক্তির তারিখও।
তবে প্রজেক্ট যাতে থমকে না যায়, সেজন্য ম্যাট রিভসের কাজের একনিষ্ঠ ভক্ত ও স্বনামধন্য পরিচালক স্টিভেন সোডারবার্গ নিজেই এগিয়ে আসেন। ডিসি স্টুডিওর পূর্ণ সমর্থনে তিনি ছবির শেষ কয়েক সপ্তাহের প্রধান চিত্রগ্রহণের দায়িত্ব নিয়েছেন।
সোডারবার্গ স্পষ্ট করে জানিয়েছেন, ‘ম্যাট রিভসের দ্য ব্যাটম্যান ছবিটি ছিল অসাধারণ। আমার লক্ষ্য হলো ম্যাট এবং তার টিমের সঙ্গে এমনভাবে কাজ করা, যাতে নতুন ফুটেজগুলো আগের দৃশ্যগুলোর সঙ্গে একদম নিখুঁতভাবে মিলে যায় এবং ম্যাট তার ভিশন অনুযায়ী ছবিটি শেষ করতে পারেন।’
পরিচালক বদলের খবর ছড়াতেই ভক্ত মহলে গুঞ্জন শুরু হয় যে তবে কি ম্যাট রিভস প্রজেক্ট থেকে চিরতরে সরে গেলেন? সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সামাজিক মাধ্যম এক্স-এ ম্যাট রিভস জানান, ‘পরিষ্কার করে বলছি, আমি দ্য ব্যাটম্যান পার্ট-২ ছেড়ে যাচ্ছি না। এ কঠিন সময়ে আমার পাশে দাড়ানোর জন্য স্টিভেন সোডারবার্গের কাছে আমি চিরকৃতজ্ঞ। আগামী বছর পোস্ট-প্রডাকশনের কাজ হাতে নিতে আমিই ফিরছি।’
রবার্ট প্যাটিনসন অভিনীত সুপারহিট সিনেমা ‘দ্য ব্যাটম্যান’-এর এই সিক্যুয়েলে মূল চরিত্রে যেমন প্যাটিনসন থাকছেন, তেমনি নতুন এই পর্বে যুক্ত হয়েছেন স্কারলেট জোহানসন এবং সেবাস্টিয়ান স্টানের মতো তারকারাও।
একাধিকবার প্রোডাকশনের কাজ পিছিয়ে যাওয়ায় ছবিটির নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ফেব্রুয়ারি ২০২৮।




