চার বছর ছোট পর্দা থেকে কেন উধাও ছিলেন রেশমি দেশাই

রেশমি দেশাই
টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করলেই কি বারবার ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যে তার ক্যারিয়ার শেষ? দীর্ঘ চার বছর পর ছোট পর্দায় ফিরতে চলা জনপ্রিয় অভিনেত্রী রেশমি দেশাই সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তার ক্যারিয়ারের কঠিন দিনগুলো নিয়ে।
স্টার প্লাসের নতুন শো ‘সায়োনি’-র মাধ্যমে পর্দায় ফেরার ঠিক আগেই তিনি জানালেন, একসময় তাকে কীভাবে ‘ওভারএক্সপোজড’ বা শেষ হয়ে যাওয়া মুখ হিসেবে দেগে দেওয়া হয়েছিল।
মধ্যের এ ৩-৪ বছর কেন পর্দা থেকে উধাও ছিলেন? প্রশ্নের জবাবে রেশমি বলেছেন, ‘আমি ইচ্ছে করেই বিরতি নিয়েছিলাম। কারণ টিভি একটানা দীর্ঘ প্রতিশ্রুতির ব্যাপার। আমি চেয়েছিলাম কিছু বিষয় নতুনভাবে শিখতে, নিজের ওপর কাজ করতে। কিন্তু মানুষ ভুল বুঝে ভেবেছিল আমার ক্যারিয়ার শেষ।’
সেসময় তাকে নিয়ে চলা নেতিবাচক মন্তব্য প্রসঙ্গে রেশমি আরও জানান, ‘অনেকে আমাকে সরাসরি বলেছে, তুমি তো একটা ওভারএক্সপোজড মুখ, তোমার ক্যারিয়ার শেষ। মানুষ ভুলে যায় যে টেলিভিশন আমাদের একটা বিশাল বড় প্ল্যাটফর্ম দেয়, যা অন্য কোনো মাধ্যম পারে না। অথচ টিভি অভিনেতাদের নানা ট্যাবু ও স্টেরিওটাইপের শিকার হতে হয়।’
শোবিজ দুনিয়ায় নারীদের শুধু গ্ল্যামার বা ফ্রেমের ‘বস্তু’ হিসেবে ব্যবহার করার প্রবণতা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এ অভিনেত্রী। রেশমির স্পষ্ট কথা, ‘অনেক প্রোজেক্টেই নারীদের শুধু সেক্সি বা সুন্দর দেখানোর জন্য ব্যবহার করা হয়— যা অত্যন্ত ভুল। একজন নারী শিল্পী এর চেয়ে অনেক বেশি কিছু। কঠোর পরিশ্রম করে যারা নিজেদের জায়গা তৈরি করেন, তাদের সঠিক সম্মান দেওয়া উচিত।’




