২০২৬-এ ৫ ভিন্ন রূপে অ্যান হ্যাথাওয়ে

অ্যান হ্যাথাওয়ে
২০২৫ সালে রূপালি পর্দা থেকে একদম দূরে ছিলেন হলিউডের অস্কারজয়ী সুপারস্টার অ্যান হ্যাথাওয়ে। তবে ২০২৬ সালে ফিরেছেন একবারে ঝড় তুলে। মাত্র ৬ মাসের ব্যবধানে প্রেক্ষাগৃহে এসেছে তার ৫ ব্যাক-টু-ব্যাক ধামাকা সিনেমা। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, প্রতিটি সিনেমাতেই সম্পূর্ণ নতুন ও ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরেছেন এই অভিনেত্রী।
আগামী ২ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে তার সাইকোলজিক্যাল থ্রিলার ‘ভেরিটি’। তার আগে দেখে নেওয়া যাক ২০২৬ সালে হ্যাথাওয়ের ভিন্ন ৫টি রুপের এক ঝলক:
মাদার মেরি
ডেভিড লোওয়ারি পরিচালিত মিউজিক্যাল ড্রামা সিনেমা ‘মাদার মেরি’-তে এক পপ তারকার ভূমিকায় দেখা গেছে হ্যাথাওয়েকে। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি জ্যাক অ্যান্টনফ ও চার্লি এক্সসিএক্স-এর সঙ্গে মূল গানগুলোতেও নিজের কণ্ঠ দিয়েছেন এই অভিনেত্রী।
দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২
প্রায় দুই দশক পর আবারও কাল্ট-ক্লাসিক ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাডা’-র সিক্যুয়েল নিয়ে ফিরেছেন হ্যাথাওয়ে। তবে এবার তিনি সেই অনভিজ্ঞ তরুণী নন, বরং নামজাদা ফ্যাশন ম্যাগাজিনের নতুন ফিচার এডিটর। প্রথম সিনেমার মূল কলাকুশলী মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচির সঙ্গে আবারও পর্দায় স্ক্রিন শেয়ার করেছেন তিনি।
দ্য ওডিসি
হলিউডের জিনিয়াস পরিচালক ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’-তে গ্রিক পৌরাণিক চরিত্রের ছোঁয়া পেয়েছেন হ্যাথাওয়ে। ম্যাট ডেমনের বিপরীতে তাকে দেখা গেছে রানি ‘পেনেলোপ’ চরিত্রে।
দ্য এন্ড অফ ওক স্ট্রিট
রহস্যময় মহাজাগতিক ঘটনার কারণে পুরো শহর যদি প্রাগৈতিহাসিক ডাইনোসরের যুগে চলে যায়, তবে কেমন হবে? এমন গল্পেই সারভাইভাল অ্যাকশন সিনেমা ‘দ্য এন্ড অফ ওক স্ট্রিট’-এ অভিনয় করেছেন তিনি। ইওয়ান ম্যাকগ্রেগরের বিপরীতে ডেনিস প্ল্যাট নামের এক মায়ের চরিত্রে দেখা গেছে তাকে।
ভেরিটি
২ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে হ্যাথাওয়ের ২০২৬ সালের শেষ ধামাকা—‘ভেরিটি’। কলিন হুভারের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে তৈরি এই সাইকোলজিক্যাল থ্রিলারে রহস্যময় ও ডার্ক লেখিকা ভেরিটি ক্রফোর্ডের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ডাকোটা জনসন ও জশ হার্টনেট।
পপ মিউজিক, ফ্যাশন জগৎ, গ্রীক পুরাণ, ডাইনোসর সারভাইভাল থেকে শুরু করে ডার্ক থ্রিলার—একই বছরে এক শিল্পীর এমন বহুমুখী মেধা সচরাচর দেখা যায় না। আর তাই ২০২৬ সালটি নিঃসন্দেহে অ্যান হ্যাথাওয়ের ক্যারিয়ারের অন্যতম সেরা ও সফল বছর হতে চলেছে।




