টম ক্রুজের ক্যারিয়ারের সবচেয়ে বড় ঝুঁকি ‘ডিগার’!

‘ডিগার’ সিনেমায় অচেনা রূপে মেগাস্টার টম ক্রুজ
উড়ন্ত বিমানের ডানা ধরে ঝুলে থাকা কিংবা হাজার ফুট উঁচু পাহাড় থেকে মোটরবাইক নিয়ে শূন্যে লাফ দেওয়া—হলিউড মেগাস্টার টম ক্রুজ-এর কাছে এসব নিত্যদিনের ব্যাপার। তবে এবার কোনো শারীরিক ঝুঁকি নয়, ক্যারিয়ারের সবচেয়ে বড় ‘আর্টিস্টিক’ ঝুঁকি নিয়ে বসেছেন এই ‘মিশন: ইম্পসিবল’ তারকা।
‘রেভেন্যান্ট’ ও ‘বার্ডম্যান’ খ্যাত অস্কারজয়ী মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো জি ইনারিতুর নতুন সিনেমা ‘ডিগার’-এ এক রূপ বদলে দেওয়া অদ্ভুত চরিত্রে হাজির হয়ে বিশ্ব জুড়ে সিনেমা বোদ্ধাদের চমকে দিয়েছেন তিনি।
পর্দায় সবসময় সুপুরুষ, ফিট ও অ্যাকশন হিরো রূপে দেখা মিললেও ‘ডিগার’ সিনেমায় চেনা টম ক্রুজকে চেনা দায়। মাথায় টাক, পাকা চুল আর পেটে বিশাল ভুঁড়ি নিয়ে টেক্সাসের এক অহংকারী তেল ব্যবসায়ীর চরিত্রে অবতীর্ণ হয়েছেন তিনি।
সিনেমাটি একটি ডার্ক ইকো-স্যাটায়ার বা পরিবেশবিষয়ক রাজনৈতিক ব্যঙ্গচিত্র। গল্পে দেখা যায়, ক্রুজের কোম্পানির দায়িত্বজ্ঞানহীন খনিজ তেল উত্তোলনের কারণে আলাস্কায় এক বিশাল হিমবাহ ভেঙে পড়ে।
সেই বরফখণ্ড ভেসে গিয়ে উত্তর ইউরোপকে ডুবিয়ে দেওয়ার উপক্রম হলে যুক্তরাষ্ট্রের ক্ষমতালোভী রাজনৈতিক মহল ও ব্যবসায়ীরা কীভাবে জলবায়ু বিপর্যয়কে পাত্তা না দিয়ে দায় এড়ানোর নাটক করে—তা অত্যন্ত তীক্ষ্ণ ও উপহাসমূলকভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
চলচ্চিত্র সমালোচকদের মতে, ‘ডিগার’ কোনো সাধারণ পপকর্ন ব্লকবাস্টার সিনেমা নয়। সিনেমাটি এতটাই অদ্ভুত ও ব্যতিক্রমী যে এটি হয়তো প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকদের বড় একটি অংশকে অসন্তুষ্ট করবে, এমনকি কেউ কেউ মাঝপথেই হল ত্যাগ করতে পারেন।
অনেকে ভেবেছিলেন হয়তো অস্কার জেতার লোভে টম ক্রুজ এই সিনেমায় যুক্ত হয়েছেন। কিন্তু সিনেমার উপস্থাপনা প্রমাণ করে, পুরস্কারের জন্য নয় বরং চরম এক সাহসী কনটেন্ট নিয়ে ঝুঁকি নিতেই মাঠে নেমেছেন টম।
সিনেমাটিতে টম ক্রুজ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জন গুডম্যান, স্যান্ড্রা হুলার এবং রিজ আহমেদ। সাধারণ দর্শক ছবিটি গ্রহণ করুক বা না করুক, অ্যাকশন হিরোর তকমা ভেঙে টম ক্রুজের এই অনবদ্য ও বৈপ্লবিক রূপান্তর যে হলিউড ইতিহাসে দীর্ঘকাল চর্চিত হবে—তা নিয়ে কোনো সন্দেহ নেই।




