মার্কিন কোম্পানির বিরুদ্ধে ৭ হাজার কোটি রুপির মামলা উর্বশীর

উর্বশী রাউতেলা
আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা নতুন করে খবরের শিরোনামে এসেছেন। অনুমতি ছাড়া নাম ও ছবি ব্যবহারের অভিযোগে এক বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। অনুমতি ছাড়া তার নাম, ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে ব্যবহার করার অভিযোগে যুক্তরাষ্ট্রের এক নামী এআই কোম্পানির বিরুদ্ধে ৭ হাজার কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস পাঠিয়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত লস অ্যাঞ্জেলেস ভিত্তিক প্রতিষ্ঠান ‘বলিউড.এআই’ এবং ‘হলিউড.এআই’-কে ঘিরে। উর্বশীর লিগ্যাল টিম সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, অভিনেত্রী বা তার টিমের কোনো রকম অনুমতি ছাড়াই কোম্পানিটি উর্বশীর নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যবসা করছে এবং কোটি কোটি ডলার আয় করছে।
উর্বশীর টিমের ভাষায়, ‘আপনারা নিজেদের এআই কোম্পানি বানান, ব্র্যান্ড গড়ুন। কিন্তু অনুমতি না থাকলে উর্বশীর নাম আপনাদের ব্যবসায় জড়াবেন না।’
উর্বশীর ৭ হাজার কোটি রুপির নোটিসের পর মুখ খুলেছেন ওই প্রতিষ্ঠানের সিইও শিরাজ হাসান। তবে ক্ষমা চাওয়া তো দূরের কথা, উল্টো উর্বশীকে ‘এআই’ সম্পর্কে পড়াশোনা করার পরামর্শ দিয়েছেন তিনি।
শিরাজ বলেছেন, ‘উর্বশী, কোনো উত্তর বা আইনি পদক্ষেপ নেওয়ার আগে আপনার উচিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিনোদন জগতের ভবিষ্যৎ নিয়ে পড়াশোনা করা। এআই দিয়ে যেকোনো ভাষায় কথা বলা ডিজিটাল ক্যারেক্টার বা শর্ট শো বানানো সম্ভব। বিনোদন দুনিয়াকে এটি মেনে নিতেই হবে।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে এআই কীভাবে বলিউডকে প্রভাবিত করছে তা নিয়ে মন্তব্য করেছিলেন উর্বশী। এরপরই তার কনটেন্ট এআই প্রযুক্তিতে ব্যবহার করা নিয়ে এ নতুন আইনি যুদ্ধের সূচনা হলো।




