উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব
বিনোদন প্রতিবেদক

ছবি: আগামীর সময়
নাট্য পরিচালক ও নাট্যকার মারুফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ‘সজীব’ নামে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি ও নির্মাতা শিহাব শাহীন জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোর ৫টার দিকে সজীবের মৃত্যু হয়।
মঙ্গলবার জোহরের নামাজের পর উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে সজীবকে সমাহিত করা হয়। এর আগে সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় নির্মাতা, অভিনয়শিল্পী ও তাঁর সহকর্মীরা অংশ নেন। সজীবের আকস্মিক মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শিল্পীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।




