শরীফ থেকে শরীফা হয়ে ওঠার গল্প এবার নাটকে

নাটকের একটি দৃশ্য
আবহমানকাল ধরে চলে আসা সমাজ বাস্তবতার এক স্পর্শকাতর গল্প নিয়ে নির্মিত হয়েছে ভিন্নধর্মী নাটক ‘গৃহবন্দী’। শরীফ থেকে শরীফা হয়ে ওঠার গল্পকে কেন্দ্র করে নির্মিত নাটকটি আগামী বৃহস্পতিবার দুপুর ১২টায় ‘স্বপ্ন কানন মাল্টিমিডিয়া’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
নাটকের গল্পে দেখা যাবে, একটি পরিবারের ছেলে ছোটবেলা থেকেই মেয়েদের মতো আচরণ করে। একপর্যায়ে সে নিজেকে মেয়ে হিসেবে দেখতে চায়। তার এমন পরিবর্তনের আকাঙ্ক্ষার পর পরিবারটির ওপর নেমে আসে নানা সামাজিক চাপ। ছেলেটির বাবা-মা, বোন এবং পরিবারের সামাজিক অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়, সমাজ তাকে মেনে নেয় কি না, নাকি একঘরে করে দেয়, সেই টানাপড়েনই উঠে এসেছে ‘গৃহবন্দী’তে।
নাটকটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহফুজ ইসলাম।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কে এস রবিন, মাহবুব আল রশিদ খান, উর্মি আহমেদ, কাকা মাসুদ, আকলিমা লিজা, মো. তোফাজ্জল হোসেন, মারিয়া খান, আঁখি আক্তার, মোঘলে আজম, মোহন সরকার, মো. সতেজ চৌধুরীসহ আরও অনেকে।
নাটকটি প্রসঙ্গে পরিচালক মাহফুজ ইসলাম বলেন, গৃহবন্দীর মূল গল্প হলো একজন শরীফের শরীফা হয়ে ওঠার গল্প। এটা আমাদের সমাজেরই গল্প। একটি পরিবার যখন এমন পরিস্থিতির মুখোমুখি হয়, তখন তাদের সম্মান, ভালোবাসা ও সামাজিক অবস্থান কীভাবে গৃহবন্দী হয়ে পড়ে, আমরা সেটাই তুলে ধরেছি। দর্শক এখান থেকে সমাজের বাস্তব শিক্ষাটা নিতে পারবেন।
কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা কে এস রবিন বলেছেন, এমন সাহসী গল্পে আগে কখনো কাজ করার সুযোগ হয়নি। গল্পটা আমাদের দেখার চোখ খুলে দেবে যে, আমরা কীভাবে একজন মানুষকে তার পরিচয়ের জন্য বিচার করি।
নাটকটি মুক্তির পর ‘স্বপ্ন কানন মাল্টিমিডিয়া’র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেখা যাবে।




