ইতালির ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা

ভিডিও থেকে নেওয়া
ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা হয়েছে। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ অভিযোগ করেন।
বাঁধন প্রবাসী আওয়ামী লীগ কর্মীদের দিকে এই হামলার অভিযোগ তোলেন।
ফেসবুক লাইভে তিনি অভিযোগ করে বলেছেন, ‘এখানে আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ‘ফিজিক্যালি হ্যারাস’ করেছে। আমার শরীরে পানি, কোক ছুঁড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।’
বাঁধন বলেন, ‘তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে। তারা বলেছে — আমি জুলাই যোদ্ধা, ইয়েস আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’
অভিনেত্রী বাঁধন ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়েছেন নিজের অভিনীত সিনেমা নিয়ে। এরপর তিনি স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।
ফেসবুক লাইভে বাঁধন বলেন, ‘তারা আমাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলেছে। তারা সেগুলো ভিডিও করেছে। সেগুলো তারা লাইভ করছিল। আপলোড করছিল।’
এই অভিনেত্রী বলেন, ‘আমি বলবো, আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বেরিয়ে আসা উচিত ছিল, আপনারা তা করতে পারেন নাই। আপনারা ভেবেছেন, এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।’
লাইভের পর বাঁধন নিজের ফেসবুকে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তার ওপর হামলার চিত্র ধরা পড়েছে।






