পুরনো গান শুনলে মনে হয় সালমান তুমি আবার ফিরে এসেছ : শাবনূর

সালমান শাহ ও শাবনূর ( এআই সহযোগে তৈরি ইমেজ)
চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ শনিবার (১৯ সেপ্টেম্বর)। বেঁচে থাকলে আজ ৫৫ বছর পূর্ণ করতেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই নায়ক। বিশেষ এই দিনে তাকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন তার অন্যতম জনপ্রিয় সহশিল্পী চিত্রনায়িকা শাবনূর।
ইনস্টাগ্রামে দেওয়া ওই পোস্টে সালমান শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাবনূর লিখেছেন, ‘শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ!’
সালমান শাহর সঙ্গে কাটানো নব্বইয়ের দশকের স্মৃতিচারণ করে তিনি লিখেছেন, ‘কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালি দিনগুলো আজও চোখের সামনে ভাসে। শুটিং সেটে তুমি শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলে না, ছিলে একজন অসাধারণ হৃদয়ের মানুষ।’
সালমানের মানবিক গুণের কথা উল্লেখ করে শাবনূর বলেছেন, ‘তোমার আশপাশের প্রতিটি মানুষকে তুমি সম্মান করতে। শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী কাউকেই কখনো ছোট করে দেখতে না। সবার খোঁজ নিতে, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে এবং আপন করে যত্ন নিতে। তোমার এই সুন্দর মন আর মানবিকতাই তোমাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে।’
সালমান শাহর স্মৃতিচারণ করে শাবনূর আরও লিখেছেন, ‘পুরনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছ সেই সোনালি দিনগুলোয়।’
সপ্রয়াত এ অভিনেতার জন্য দোয়া করে শাবনূর লিখেছেন, ‘মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।’
একই পোস্টে সালমান শাহকে নিয়ে কোনো ধরনের অসম্মানজনক মন্তব্য না করার অনুরোধও জানিয়েছেন শাবনূর। তিনি লিখেছেন, ‘সবার প্রতি সবিনয় অনুরোধ, প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সবসময় অটুট থাকুক। তার অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গেই হৃদয়ে ধরে রাখি।’
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর জন্ম নেওয়া সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি ২৭টি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে শাবনূরের সঙ্গে তার জুটি দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সালমান-শাবনূর জুটির উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘তুমি আমার’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আনন্দ অশ্রু’ ও ‘চাওয়া থেকে পাওয়া’।





