‘এ কেমন বিদায়?’ মাতিয়া বানু শুকুর মৃত্যুতে কাতর চঞ্চল চৌধুরী

মাতিয়া বানু শুকু ও চঞ্চল চৌধুরী
কয়েক দিন আগেও যার সঙ্গে দেখা হয়েছিল, সেই দেখাই যে শেষ দেখা হয়ে থাকবে, তা কিছুতেই মেনে নিতে পারছেন না অভিনেতা চঞ্চল চৌধুরী। বিশিষ্ট নাট্যকার, নির্মাতা ও প্রযোজক মাতিয়া বানু শুকু-র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। সেখানে শুকুকে চারুকলার বড় বোন হিসেবে উল্লেখ করে তার প্রতি শ্রদ্ধা ও শোক জানিয়েছেন চঞ্চল।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আহা, শুকু আপা, এ কেমন বিদায়? কয়েক দিন আগেই তো দেখা হলো। তাই বলে আর কোনো দিন দেখা হবে না? বিশ্বাস করতেও কষ্টে বুকটা ভেঙে যাচ্ছে।’
প্রয়াত নির্মাতার স্মৃতিচারণা করে তিনি আরও লেখেন, ‘পরপারে চিরশান্তিতে থাকুন, শুকু আপা। মাতিয়া বানু শুকু নাট্যকার ও নির্মাতা, আমার চারুকলার বড় বোন।’
এক বছরেরও বেশি সময় আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যানসার শনাক্ত হয়েছিল এবং এরপর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
দীর্ঘ চিকিৎসা ও লড়াই শেষে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন গুণী এই নির্মাতা।
দুই দশকেরও বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্রের গল্প নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন মাতিয়া বানু শুকু। তার রচনা ও পরিচালনায় মধ্যবিত্তের জীবন, সম্পর্কের টানাপোড়েন, সামাজিক অসংগতি এবং মানুষের চেনা বাস্তবতা অত্যন্ত সংবেদনশীলভাবে উঠে এসেছে।
‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ এবং ‘প্রজ্ঞা পারমিতা’-র মতো প্রশংসিত নাটক ও টেলিফিল্ম নির্মাণের মাধ্যমে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি লাভ করেছিলেন মাতিয়া বানু শুকু।
নাটক নির্মাণের পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনাতেও যুক্ত ছিলেন এবং সেই কাজের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।




