নাশতার টেবিলে কী বলেছিলেন সোহেল খান?

মুকিত জাকারিয়া, সোহেল খান ও মুকেশ ঋষি
বগুড়ায় একসঙ্গে শুটিংয়ে গিয়েছিলেন। কথা ছিল, সেখানে কাজ শেষ করে আবার একসঙ্গে ঢাকায় ফিরবেন। তবে সেই ফেরা আর হলো না। বগুড়ায় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোহেল খান ছিলেন অভিনেতা মুকিত জাকারিয়ার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী। কাছের মানুষকে হারিয়ে শোকাহত মুকিত জাকারিয়া। বন্ধুর সঙ্গে কাটানো শেষ মুহূর্তগুলোর স্মৃতি বারবার মনে পড়ছে তার। মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্টে সেই স্মৃতিই তুলে ধরেছেন তিনি।
মুকিত জাকারিয়া ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তার সঙ্গে সোহেল খান ও বলিউড অভিনেতা মুকেশ ঋষিকে দেখা গেছে। শুটিং শেষে তারা একসঙ্গে নাশতা করছিলেন। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে মুকিত জাকারিয়া লিখেছেন, ‘আমি, সোহেল খান আর বলিউড অভিনেতা মুকেশ ঋষি। শুটিং শেষে একসঙ্গে নাশতা করছি। আর কোনো দিন সোহেল খানের সঙ্গে দেখা হবে না। ওপারে ভালো থাকবেন ভাই।’
এর আগে এক পোস্টে একসঙ্গে নাশতা করার স্মৃতিও তুলে ধরেছেন মুকিত জাকারিয়া। এ বিষয়ে তিনি বলেন, ‘সকালে একসঙ্গে নাশতা করেছি। মুকেশ ঋষিও ছিলেন আমাদের সঙ্গে। আমি তার পাশে বসেছিলাম। তখন সোহেল ভাই বলল, আমাকে মুকেশের পাশে বসতে দাও। তারপর মুকেশকে বলল, আমাকে একটু জড়িয়ে ধরো। কথাগুলো এখন বারবার কানে বাজছে। আজ তো সোহেলের কথা শুনে হাসপাতালে ছুটে গেছে মুকেশ। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। আমারও বিশ্বাস হচ্ছে না। তোমারে ঘুমাইতে দিমু না বইলা বন্ধু আমার আজীবনের জন্য ঘুমাইয়া গেল...।’
সোহেল খানের সঙ্গে ১৪ বছরেরও বেশি সময়ের বন্ধুত্ব ও পরিচয় মুকিত জাকারিয়ার। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন মাধ্যমে একসঙ্গে অনেক কাজ করেছেন তারা।
জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার (২৫ নভেম্বর) তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের একজন সদস্য। সেখানে তাকে বিছানায় পড়ে থাকতে দেখে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে অন্যদের ডাকা হয়। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় মোবাইল অপারেটর বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে পর্দায় অভিষেক হয় সোহেল খানের। পরে ফারুকীর নির্মাণেই তৈরি রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। এরপর নাটকের নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি।
নাটকের পাশাপাশি বড় পর্দায়ও অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখেছেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী’ (২০২১) ও ‘শান’ (২০২২)।




