মা হারালেন চিত্রনায়িকা পপি

সাদিকা পারভিন পপি
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপির জীবনে নেমে এসেছে এক অপূরণীয় ক্ষতি ও গভীর শোকের ছায়া। তার মা মরিয়ম বেগম আর নেই। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পপির মায়ের এ আকস্মিক প্রয়াণের হৃদয়বিদারক খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানি।
আজ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে মৃত্যুর এ খবর জানান ওমর সানি। পপির পরিবারের সঙ্গে নিজের পারিবারিক আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘মৌসুমী আর পপি ফার্স্ট কাজিন, সেই সূত্র ধরে পপির মা-ও আমার শাশুড়ি। ৯৭ থেকে তাকে আমি সবসময় আম্মা বলে ডাকতাম, উনি চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। আল্লাহ জান্নাত নসিব করুন। ক্রমাগতভাবে মুরুব্বীদেরকে হারাচ্ছি তারপর আমার যাওয়ার পালা।’
এ ছাড়া চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকায় মরিয়ম বেগমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্বজনরা তার মরদেহ নিয়ে পপির গ্রামের বাড়ি খুলনার উদ্দেশে রওনা হবেন। সেখানে দ্বিতীয় জানাজা শেষ করার পর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
লোকচক্ষুর অন্তরালে থাকা চিত্রনায়িকা পপি ১৯৯৭ সালে ‘লাক্স আনন্দ বিচিত্রা’ সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে পা রাখেন। ওই বছরই সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হলেও মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা।
চিত্রনায়ক ওমর সানির বিপরীতে মুক্তি পাওয়া ব্লকবাস্টার এ সিনেমাটি সেসময় প্রায় ৭ কোটি টাকার ব্যবসা করে ঢালিউডের ইতিহাসে এক বিশাল মাইলফলক সৃষ্টি করেছিল।




