বুলবুল আহমেদের পুরস্কার ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে

বাংলা চলচ্চিত্রে ‘মহানায়ক’খ্যাত অভিনেতা বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও সম্মাননা বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়েছে। আগামীকাল ৪ সেপ্টেম্বর তার জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবালের কাছে এসব পুরস্কার ও সম্মাননা হস্তান্তর করেন তার স্ত্রী ডেইজি আহমেদ ও মেয়ে তিলোত্তমা।
দেশের চলচ্চিত্র ও সংস্কৃতিতে বুলবুল আহমেদের অসামান্য অবদানের স্মারক হিসেবে এসব পুরস্কার ও সম্মাননা জাতীয় সম্পদ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের উদ্দেশ্যেই পরিবারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবছর ৪ সেপ্টেম্বর বুলবুল আহমেদের জন্মদিনকে ঘিরে পরিবার ও তার অনুরাগীদের নানা আয়োজন থাকে। তবে এ বছর বিশেষ কোনো অনুষ্ঠান আয়োজন করা সম্ভব না হলেও তার দীর্ঘ শিল্পীজীবনের অর্জন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে ভবিষ্যৎ সংরক্ষণের জন্য দান করেছে তার পরিবার। চলচ্চিত্র অনুরাগী দর্শকদের দেখার সুযোগ এবং তার স্মৃতি ধরে রাখার মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।
বুলবুল আহমেদ শুধু একজন জনপ্রিয় অভিনেতাই ছিলেন না, বাংলা চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্যেরও এক অবিচ্ছেদ্য অংশ। তার অর্জিত সম্মাননাগুলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হওয়ার মাধ্যমে তার কর্ম ও কীর্তি আগামী প্রজন্মের কাছে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে বেঁচে থাকবে।






