বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার মৌসুমী, দাবি ওমর সানীর

ওমর সানী ও মৌসুমী
নব্বইয়ের দশকে ঢালিউডকে নিজের রূপ, অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে রাঙিয়ে যাওয়া ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ। দেখতে দেখতে ৫২ পেরিয়ে ৫৩ বছরে পা রাখলেন এই অভিনেত্রী।
গত কয়েক বছরের মতো এবারও জন্মদিনে দেশে নেই মৌসুমী। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশ থেকে দূরে থাকলেও ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের উষ্ণ শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। আর এই বিশেষ দিনে স্ত্রীকে অত্যন্ত ভালোবাসায় ও বিশেষ তকমায় ভূষিত করে শুভেচ্ছা জানিয়েছেন তার স্বামী, চিত্রনায়ক ওমর সানী।
স্ত্রীর জন্মদিনে ফেসবুকে মৌসুমীর কয়েকটি ছবির একটি সুন্দর কোলাজ পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি।’
এর আগে জন্মদিনের ঠিক আগের মধ্যরাতে এক ভিডিও বার্তায় আবেগঘন কণ্ঠে ওমর সানী বলেছিলেন, ‘যত দূরেই যাও না কেন, দূরত্ব কোনো বিষয় নয়। আজ তোমার জন্মদিন। প্রায় ৩৫ বছর ধরে এই জন্মদিন পালন করে যাচ্ছি আমরা। তোমার গ্রিন কার্ড পাওয়ার খবরে সবাই শুভেচ্ছা জানিয়েছে, আমিও জানিয়েছি। এটা দারুণ ব্যাপার। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে, কিছুদিনের মধ্যেই আমাদের দেখা হচ্ছে।’
জন্মদিনে মৌসুমীর সুস্বাস্থ্য এবং মানুষ তাকে যে ভালোবাসা ও সম্মান দেয়, আল্লাহ যেন তাকে আরও সম্মানিত করেন, এমনটাই প্রার্থনা করেছেন ওমর সানী।
মৌসুমীর জন্ম ১৯৭৩ সালের ৩ নভেম্বর সাতক্ষীরায়। নব্বইয়ের দশকের শুরুতে একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এই ছবির মাধ্যমেই রুপালি পর্দায় পা রেখেছিলেন অমর নায়ক সালমান শাহও। প্রথম ছবিতেই বাজিমাত করায় এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।
তার অভিনীত অসংখ্য দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমার মধ্যে রয়েছে , ‘দোলা’, ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’, ‘লুটতরাজ’, ‘আম্মাজান’, ‘ইতিহাস’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘গোলাপি এখন বিলেতে’, ‘দেবদাস’ প্রভৃতি।
অভিনয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন মৌসুমী। পাশাপাশি তিনি ছয়বার মেরিল প্রথম আলো পুরস্কার এবং ছয়বার বাচসাস পুরস্কারের মতো মর্যাদাপূর্ণ সম্মাননা লাভ করেছেন।
শুধু অভিনয়েই নয়, পরিচালনার জগতেও মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। ২০০৩ সালে তার পরিচালনায় মুক্তি পায় প্রথম সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, পরবর্তীতে তিনি নির্মাণ করেন ‘মেহের নিগার’। এছাড়া রূপালি পর্দার পাশাপাশি বিভিন্ন সময়ে প্লেব্যাক গানেও তার কণ্ঠের জাদুকরি উপস্থিতি মুগ্ধ করেছে দর্শকদের।
জন্মদিনে এই অভিনেত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছেন তার অগণিত ভক্ত ও সহকর্মীরা।




