প্রেমিকের সঙ্গে ছোট্ট ছুটিতে শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। কাজের ব্যস্ততার ফাঁকে একটু সুযোগ পেলেই তিনি নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন। আর এবার গুঞ্জন ছড়ানো প্রেমিক রাহুল মোদিকে সঙ্গে নিয়ে পাড়ি জমিয়েছেন এক মনোরম ছুটির ঠিকানায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভালোবাসার সেই বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ারও করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রামে ছুটির বেশ কিছু সুন্দর ছবি পোস্ট করেছেন শ্রদ্ধা। যেখানে তাকে কখনো প্রকৃতির মধ্যে হেসে মিষ্টি পোজ দিতে দেখা গেছে, আবার কখনো বা বেশ খোশমেজাজে নিজের মতো করে ছুটি উপভোগ করতে দেখা গেছে।
তবে ভক্তদের নজর কেড়েছে অ্যালবামের একটি বিশেষ ছবি, যেখানে শ্রদ্ধার কথিত প্রেমিক রাহুল মোদিকে এক লাইব্রেরির ভেতর গভীর মনোযোগ দিয়ে বই পড়তে দেখা যায়।
কোথায় ছুটি কাটাচ্ছেন সে বিষয়ে স্পষ্ট কিছু না বললেও ক্যাপশনে শ্রদ্ধা নিজের স্বভাবসুলভ মিষ্টি ভঙ্গিতে লিখেছেন, ‘ছোট্ট একটা ছুটি তো পাওয়াই যায়, তাই না?’
শ্রদ্ধা ও রাহুলের প্রেমের গুঞ্জনের শুরু ২০২৪ সালের গোড়ার দিকে। মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় ডিনার শেষে দুজনকে একসঙ্গে বের হতে দেখার পর থেকেই বিটাউনে তাদের নিয়ে চর্চা শুরু হয়। এরপর বহুবার তাদের নানা জায়গায় একসঙ্গে দেখা গেছে।
গত বছরের জুনে ইনস্টাগ্রাম স্টোরিতে রাহুলের সঙ্গে ম্যাচিং করা সাদা পোশাকে সেলফি শেয়ার করে শ্রদ্ধা লিখেছিলেন, ‘মনটা তো নিয়েই নিলে, রাতের ঘুমটা তো অন্তত ফিরিয়ে দাও ভাই।’
শুধু তাই নয়, গলায় ‘আর’ অক্ষরের লকেট পরে ঘুরে বেড়াতে দেখে ভক্তরা তো প্রায় নিশ্চিতই ধরে নিয়েছেন যে রাহুল মোদির সঙ্গে মন দেওয়া-নেওয়া সেরে ফেলেছেন শ্রদ্ধা।
প্রেমের এই চমৎকার মুহূর্তগুলোর মধ্যেও কিন্তু শ্রদ্ধার পেশাগত ক্যারিয়ার নিয়ে আছে বড় সুখবর। ভারতের বিখ্যাত নৃত্যশিল্পী ভিঠাবাই নারায়ণগাঁওকরের জীবনকাহিনি নিয়ে নির্মিত হতে যাওয়া বায়োপিক ‘ইথা’-তে নাম ভূমিকায় দেখা যাবে শ্রদ্ধাকে।
সিনেমাটি আগামী ২০২৬ সালের ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আপাতত কাজের চাপ ভুলে প্রেমিকের সঙ্গে এই ছোট্ট ছুটি দারুণ উপভোগ করছেন শ্রদ্ধা।









