‘নারীদের চরিত্রহনন বন্ধ করুন’, কঙ্গনার কড়া বার্তা

কঙ্গনা রানাউত (বাঁ দিকে) এবং চন্দ্রশেখর জোসেফ বিজয় ও তৃষা কৃষ্ণন (ডান দিকে)। ছবি: সংগৃহীত
অভিনেত্রী থেকে রাজনীতিক হওয়া কঙ্গনা রানাউত নারীদের ‘চরিত্রহনন’ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সফল ও ক্ষমতাবান নারীদের অবস্থান দুর্বল করতে প্রায়ই তাদের ব্যক্তিগত জীবন ও চরিত্র নিয়ে আক্রমণ করা হয়।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়) রাজনীতিতে নারীদের নিয়ে ব্যক্তিগত আক্রমণ, দ্ব্যর্থবোধক কটূক্তি ও অবমাননাকর মন্তব্যের নিন্দা জানানোর কয়েক ঘণ্টা পরই কঙ্গনা এ মন্তব্য করেন।
কুল্লুতে জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটির (ডিডিসিএমসি) বৈঠকে সভাপতিত্ব করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কঙ্গনা। এ সময় ক্ষমতা ও কর্তৃত্বের অবস্থানে থাকা নারীরা কীভাবে নিয়মিতভাবে চরিত্র নিয়ে আক্রমণের শিকার হন, তা তুলে ধরেন তিনি।
নারীদের লক্ষ্য করে অবমাননাকর রাজনৈতিক মন্তব্যের সমালোচনা করে বিজয়ের সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে জানতে চাইলে ‘পাঙ্গা’খ্যাত অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা বলেছেন, ‘আমরা সবাই জানি, এটি শুধু ভারতেই সীমাবদ্ধ নয়; সারা বিশ্বেই কর্মজীবী নারী, সফল নারী, অভিনেত্রী, রাজনীতিক এবং ক্ষমতা ও কর্তৃত্বের অবস্থানে থাকা নারীদের চরিত্র নিয়ে আক্রমণ করা হয়, যাতে তাদের অবস্থান দুর্বল করে দেওয়া যায়।’
তামিলনাড়ুর প্রসঙ্গ টেনে কঙ্গনা বলেছেন, ‘সেখানেও আমরা দেখেছি, একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীকে তার সম্পর্কের কারণে টার্গেট করা হচ্ছে। সম্পর্ক তো দুজনের বিষয়, কিন্তু গালিগালাজ, চরিত্রহননের জন্য শুধু নারীটিকেই কেন টার্গেট করা হবে?’
এ ঘটনার সূত্রপাত গত আগস্টে। সে সময় ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ ওঠে, যা অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে উদ্দেশ্য করে করা হয়েছে বলে ব্যাখ্যা করা হয়েছিল।
তবে ডিএমকে ওই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে। পরে দলটির পক্ষ থেকে বিক্ষোভ করা হয় এবং মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়। এরপর সাবেক এই রাজ্যমন্ত্রীকে মুক্তি দেওয়া হয়।
সম্প্রতি ভারতের তামিলনাড়ু বিধানসভায় মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় বিষয়টি নিয়ে বক্তব্য দেওয়ায় বিতর্কটি আবারও সামনে এসেছে। রাজনীতিতে নারীদের লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণ, দ্ব্যর্থবোধক মন্তব্য ও অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি।
সূত্র : ডিএনএ ইন্ডিয়া






