ভারতীয় ও হলিউডের অ্যাকশন সিনেমার পার্থক্য কোথায়, জানালেন বিদ্যুৎ জামওয়াল
বিনোদন ডেস্ক

বিদ্যুৎ জামওয়াল
ভারতীয় সিনেমা ও হলিউডের অ্যাকশন ছবির মধ্যে পার্থক্য প্রতিভায় নয়, বরং কাজের জন্য পাওয়া সময় ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধায়। এমনটাই মনে করেন বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। তার মতে, দুই ইন্ডাস্ট্রিতেই দক্ষ কলাকুশলী রয়েছেন। তবে হলিউডে একটি দৃশ্য নির্মাণের জন্য তুলনামূলকভাবে বেশি সময় পাওয়া যায়, যা কাজের মানে বড় প্রভাব ফেলে।
সম্প্রতি ভারতীয় ও হলিউডের অ্যাকশন সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে এস এস রাজামৌলির ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির উদাহরণ টানেন এই অভিনেতা।
বিদ্যুৎ বলেন, আমরা তাঁদের মতো একই কলাকুশলীদের সঙ্গে কাজ করি। এখানে কোনো পার্থক্য নেই। আমার সিনেমাগুলোতে বিশ্বের সেরা কলাকুশলীদের সঙ্গে কাজ করেছি, তারাই হলিউডেও কাজ করেন। আমার মনে হয়, পার্থক্যটা হলো, আমরা যে দৃশ্যের শুটিং ১০ দিনে করি, তারা সেটি করতে চার মাস সময় নেন।
তিনি আরও বলেন, নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় পাওয়া এবং একটি কাজের পেছনে বেশি সময় ব্যয় করার সুযোগ তাদের রয়েছে, যা আমরা সাধারণত পাই না। তবে এখন আমরাও সেই পথে এগোচ্ছি। ‘বাহুবলী’র মতো সিনেমার দিকে তাকালে দেখা যায়, এগুলো নির্মাণ করতে অনেক সময় নেওয়া হয়েছে। আর সে কারণেই পর্দায় তার ফল দেখা যায়।
বিদ্যুৎ জামওয়াল বর্তমানে হলিউডে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন। জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি অবলম্বনে নির্মিত লাইভ-অ্যাকশন সিনেমা ‘স্ট্রিট ফাইটার’-এ অভিনয় করেছেন তিনি। ছবিতে তাঁকে দেখা যাবে ধালসিম চরিত্রে।
অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত বিদ্যুৎ ‘ফোর্স’, ‘কমান্ডো’ ফ্র্যাঞ্চাইজি ও ‘খুদা হাফিজ’-এর মতো সিনেমায় কাজ করেছেন। হলিউডে কাজের অভিজ্ঞতা তাঁর ক্যারিয়ারে নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে।
বিদ্যুতের মতে, ভারতীয় সিনেমারও হলিউডের মতো বড় পরিসরের অ্যাকশন দৃশ্য নির্মাণের সক্ষমতা রয়েছে। প্রয়োজন পর্যাপ্ত সময়, পরিকল্পনা ও কাজের পরিবেশ। ‘বাহুবলী’র মতো সিনেমা সেই সম্ভাবনারই উদাহরণ।
সূত্র-ডিএনএ ইন্ডিয়া




