রামলীলায় সীতা সাজায় রবি কিষাণকে বেল্ট দিয়ে পিটিয়েছিলেন বাবা

রবি কিষাণ
পর্দায় তার সংলাপ আর হাস্যরসের ভঙ্গি দর্শকদের হাসাতে হাসাতে লুটোপুটি খাওয়ায়। সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে ‘কফি উইথ করণ সিজন ৯’-এ এসেও মজার সব ওয়ান-লাইনার দিয়ে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন অভিনেতা ও সংসদ সদস্য রবি কিষাণ।
কিন্তু হাসির আড়ালে থাকা তার শৈশবের কঠিন ও নির্মম সংগ্রামের গল্প জেনে স্তব্ধ হয়ে গেছেন ভক্তরা।
বেনারসের এক রক্ষণশীল পুরোহিত পরিবারের ছেলে রবি কিষাণ। বাবার ইচ্ছে ছিল ছেলে দুধের ব্যবসা সামলাবে কিংবা সরকারি চাকরি করবে। কিন্তু ছোটবেলা থেকেই রবির রক্তে মিশে ছিল অভিনয়ের নেশা।
করণ জোহরের শো-তে সেই দিনের স্মৃতিচারণ করে রবি বলেছেন, “নব্বইয়ের দশকে অভিনয়কে মোটেও সম্মানজনক পেশা ভাবা হতো না। একবার গ্রামের রামলীলা নাটকে অভিনয়ের নেশায় আমি শাড়ি পরে সীতা সেজেছিলাম। বাবা সেটা দেখে ফেলেন এবং বাড়ি ফিরেই চামড়ার বেল্ট দিয়ে আমাকে পশুর মতো পেটাতে শুরু করেন। তিনি চিৎকার করে বলছিলেন, ‘তুই কি নাচনেওয়ালি হবি?’”
বাবার ক্রোধ সেদিন এতটাই ভয়াবহ রূপ নিয়েছিল যে, পরিবারের ‘সম্মানহানি’ করার অপরাধে ছেলেকে মেরে ফেলতেও দ্বিধা করতেন না তিনি। রবি জানান, সেদিন তার মা ঢাল হয়ে সামনে না দাঁড়ালে এবং তাকে বাড়ি থেকে পালিয়ে যেতে সাহায্য না করলে হয়তো আজকের রবি কিষাণ হয়ে ওঠা হতো না।
ভাগ্যের কী নির্মম অথচ সুন্দর পরিহাস, ছোটবেলায় যে রামলীলায় ‘সীতা’ সেজে বাবার হাতে মার খেয়ে বাড়ি ছাড়তে হয়েছিল, এ বছর দিল্লির সেই ঐতিহ্যবাহী রামলীলায় খোদ ‘রাম’-এর চরিত্রে অভিনয় করে মানুষের ভালোবাসা কুড়িয়েছেন রবি কিষাণ।




