নারীদের সবকিছু নিয়েই প্রতিনিয়ত বিচার করা হয় : কৃতি স্যানন

কৃতি স্যানন
বলিউড অভিনেত্রী কৃতি স্যাননকে ঘিরে বিতর্ক নতুন নয়। এবার রক্ষা বন্ধন উপলক্ষে একটি বিজ্ঞাপনে তার পোশাক নিয়ে সামাজিকমাধ্যমে সমালোচনার প্রসঙ্গে মুখ খুলেছেন এই অভিনেত্রী। তার দাবি, অভিনেতারাই সামাজিকমাধ্যমে ট্রলিংয়ের সবচেয়ে সহজ লক্ষ্য। একই সঙ্গে নিজের মা ও বোনকে নিয়েও করা কুরুচিপূর্ণ মন্তব্যের সমালোচনা করেছেন তিনি।
কারিনা কাপুর খানের অনুষ্ঠান ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এর ষষ্ঠ মৌসুমে বিষয়টি নিয়ে কথা বলেন কৃতি। তিনি জানান, সাধারণত সামাজিকমাধ্যমের ট্রলিংয়ে তিনি প্রতিক্রিয়া দেখান না। কিন্তু রক্ষা বন্ধনের বিজ্ঞাপনকে কেন্দ্র করে তার পোশাক নিয়ে যেভাবে আলোচনা হয়েছে, তা তাকে অবাক করেছে।
জায়েদ খানের মুখে কী?
২৫ অক্টোবর ২০২৬
কৃতি বলেন, ‘সাধারণত আমি কিছু বলি না। কিন্তু আমার মনে হয়েছিল, বিষয়টি শুধু আমাকে নিয়ে নয়। এটি আরও বড় একটি বিষয়। আমি মনে করি, নারীদের সবকিছু নিয়েই প্রতিনিয়ত বিচার করা হয়। ছোটখাটো বিষয়েও শুধু নারীরাই টার্গেট হন। কী পরছেন, তিনি খাটো না লম্বা, ওজন বেড়েছে কি না, এমনকি তিনি অন্তঃসত্ত্বা কি না, এসব নিয়েও প্রশ্ন করা হয়।’
নিজের পোশাক নিয়ে টেলিভিশনে আলোচনার প্রসঙ্গে কৃতি বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার চোলি নিয়ে প্রাইমটাইম নিউজে ছয়জনের প্যানেল আলোচনা করছে। আমি ভাবছিলাম, এটা কী হচ্ছে?’
বিতর্কের সবচেয়ে কষ্টদায়ক দিক হিসেবে নিজের পরিবারের সদস্যদের নিয়ে করা মন্তব্যের কথা জানান কৃতি। তার ভাষ্য, সংস্কৃতি ও সম্মানের কথা বলা কিছু মানুষই তার মা ও বোনের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে আপত্তিকর ভাষায় মন্তব্য করেছেন।
কৃতি বলেন, ‘ঘৃণাটা কেন? আমি পোস্টের নিচের মন্তব্য পড়ি না। কিন্তু মাঝে মাঝে মানুষ এতটা কদর্য হয়ে যায় যে অবাক হতে হয়। যারা সংস্কৃতি ও সম্মানের কথা বলছিল, তারাই আবার আমার মা ও বোনের পোস্টে সবচেয়ে বাজে ও আপত্তিকর ভাষায় মন্তব্য করেছে। তারা কী করেছে?’
তিনি আরও বলেন, ‘আমার বোন আমাকে মন্তব্য বন্ধ করে দিতে বলেছিল। আমি বলেছিলাম, কেন? আমি বিষয়টি নিয়ে খুবই বিরক্ত হয়েছিলাম। আমি মনে করি, নারীদের নিজেদের জন্য কথা বলা গুরুত্বপূর্ণ। এসব মানুষকে আমাদের নিয়ে মন্তব্য করার অধিকার কে দিয়েছে, আর কেনই বা তারা মন্তব্য করবে?’
অনলাইনে তারকাদের সহজে টার্গেট করার বিষয়টি তুলে ধরে কৃতি বলেন, ‘অভিনেতারাই সবচেয়ে সহজ টার্গেট। এমন ঘটনা একাধিক মানুষের সঙ্গে ঘটেছে। আমরাও মানুষ এবং এসব আমাদেরও প্রভাবিত করে।’
নারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন কৃতি। তিনি বলেন, ‘নারী-পুরুষের বৈষম্য নিয়ে আমি খুব দৃঢ়ভাবে অনুভব করি। আমাদের সমাজে পিতৃতন্ত্র এত গভীরভাবে প্রোথিত যে এটি ভাঙতে বারবার চেষ্টা করতে হবে।’
রক্ষা বন্ধনের ওই বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে সামাজিকমাধ্যমে সমালোচনা শুরু হয়েছিল। পরে বিষয়টি নিয়ে তিনি নিজেও সামাজিকমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। বিজ্ঞাপনটি নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয় এবং পরে সেটি প্রত্যাহার করা হয়।
কৃতি স্যাননকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। হোমি আদাজানিয়া পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা। সিনেমাটি ২০২৬ সালের ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।






