জাহ্নবীকে সিনেমায় আসতে দিতে চাননি শ্রীদেবী, পরে কেন রাজি হলেন?

শ্রীদেবী ও জাহ্নবী কাপুর
বলিউডের ড্রিম গার্ল শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর আজ রুপালি পর্দায় নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। তবে বলিউডে পা রাখার আগে নিজের মায়ের কাছ থেকেই পেতে হয়েছিল বড় রকমের ‘রিয়েলিটি চেক’।
শ্রীদেবী নাকি প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে তার মেয়ে চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করতে পারবেন।
সম্প্রতি এক আড্ডায় সেই গল্প শোনাতে গিয়ে রসিকতা করে জাহ্নবী ফাঁস করলেন, নিজের প্লাস্টিক সার্জারি করার পরই নাকি মা তার মধ্যে অভিনয়ের ‘সম্ভাবনা’ খুঁজে পেয়েছিলেন।
সম্প্রতি এক তামিল শোয়ে নিজের খালাতো বোন মাহেশ্বরীর সঙ্গে আড্ডায় জাহ্নবী জানান, তিনি যখন প্রথম শ্রীদেবীকে অভিনেত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তখন শ্রীদেবী খুব একটা ইতিবাচক ছিলেন না।
প্রবীণ এই অভিনেত্রী জানতেন গ্ল্যামার ওয়ার্ল্ডের কঠিন বাস্তবতা ও কঠোর পরিশ্রমের কথা।
শ্রীদেবী নাকি প্রায়ই বলতেন, ‘জানু (জাহ্নবী) সিনেমায় আসতে চায়, কিন্তু আমি এতে খুব একটা রাজি নই। এই পেশায় টিকে থাকতে হলে প্রচণ্ড কঠোর পরিশ্রম আর মানসিক শক্তির প্রয়োজন হয়।’
কথোপকথনের মাঝে এক অপ্রত্যাশিত ও মজার রহস্য উন্মোচন করেন জাহ্নবী। হেসে তিনি বলেন, “আমার মনে হয় এই অংশটা ইন্টারভিউ থেকে কেটে বাদ দেওয়া উচিত, তবে সত্যি বলতে আমি নাকে সার্জারি করার আগে মা খুব একটা নিশ্চিত ছিলেন না। সার্জারি করার পরই মা আমার দিকে তাকিয়ে বললেন, ‘হুম, এবার মনে হচ্ছে মেয়েটার মধ্যে কিছু করার পোটেনশিয়াল বা সম্ভাবনা আছে।’”
২০১৮ সালে দুবাইয়ে বাথটাবে ডুবে মারা যান কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। মায়ের মৃত্যুর পর ‘ধড়ক’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করা জাহ্নবী অতি সম্প্রতি রাম চরণের বিপরীতে ‘পেড্ডি’ সিনেমাতে কাজ করেছেন।
সামনে টাইগার শ্রফের সঙ্গে অ্যাকশন সিনেমা ‘লাগ জা গলে’ সহ ‘তুম্বাড’ খ্যাত পরিচালকের হরর প্রজেক্টে দেখা যাবে তাকে। তবে মায়ের সেই রসাত্মক ও সোজা মন্তব্যের কথা আজও হৃদয়ে ধারণ করে পথ চলছেন বলিউডের এই নতুন প্রজন্মের স্টার।




