ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩
বিনোদন ডেস্ক

অনুজ ঠাকুর
মাত্র ৩৩ বছর বয়সেই মারা গেলেন ভারতীয় টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর। গত ২৭ অক্টোবর ঘুমের মধ্যে খিঁচুনিতে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ‘ধুম মচাও ধুম’, ‘বন্ধন সাত জনমো কা’, ‘বিনদ বানুঙ্গা ঘোড়ি চড়ুঙ্গা’ ও ‘মহিসাগর’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি।
অনুজের মৃত্যুর খবরটি প্রকাশ্যে আনেন তার ঘনিষ্ঠ বন্ধু ও কাস্টিং ডিরেক্টর রূপেশ সোনার। গত ৩০ অক্টোবর সামাজিক মাধ্যমে অনুজকে স্মরণ করে একটি আবেগঘন পোস্ট দেন তিনি। সেখানে বন্ধুকে নিজের ছোট ভাইয়ের মতো উল্লেখ করে শোক প্রকাশ করেন রূপেশ।
রূপেশ জানান, অনুজ নিয়ম মেনে জীবনযাপন করতেন। প্রতিদিন ভোর সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠে শরীরচর্চা ও জগিং করতেন তিনি। মৃত্যুর দিনও ভোর সাড়ে ৪টায় তার অ্যালার্ম বেজেছিল। তবে সেদিন তিনি ঘুম থেকে ওঠেননি। পরে তার মা কক্ষে গিয়ে তাকে আর জীবিত অবস্থায় পাননি।
বন্ধুর মৃত্যুতে শোক জানিয়ে রূপেশ বলেন, অনুজ শুধু তার বন্ধু ছিলেন না, ছোট ভাইয়ের মতো ছিলেন। তাদের একসঙ্গে বেশ কিছু কাজের পরিকল্পনাও ছিল। অনুজের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে তিনি জানান, ২০০৮ সালে ‘বন্ধন সাত জনমো কা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় তাঁদের পরিচয় হয়। এরপর একাধিক কাজেও তারা একসঙ্গে যুক্ত ছিলেন।
মৃত্যুর কিছুদিন আগেও অনুজ অভিনয়ে ফেরার বিষয়ে আগ্রহী ছিলেন বলে জানান রূপেশ। তার এমন আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে টেলিভিশন অঙ্গনে। সহকর্মীরাও সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করে শোক প্রকাশ করেছেন।





