বিচ্ছেদ মানেই জীবন শেষ নয়, দ্বিতীয় বিয়ে নিয়ে জেনিফার উইঙ্গেট

জেনিফার উইঙ্গেট
অভিনেত্রী জেনিফার উইঙ্গেট ভক্তদের চমকে দিয়ে সম্প্রতি বিয়ে করেছেন সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলকে। গত জুলাইয়ে যুক্তরাজ্যের ওয়েলসে অত্যন্ত গোপনে ও ঘরোয়া খ্রিস্টান রীতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
সাবেক স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর আবারও ৪০ বছর বয়সে এসে নিজের ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছেন জেনিফার। তবে এত বড় খবর লোকচক্ষুর আড়ালে রাখা নিয়ে যে কানাঘুষা চলছে, তা নিয়ে বিয়ের পর প্রথমবারের মতো মুখ খুললেন এ অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের গোপন বিয়ের প্রসঙ্গে হেসে জেনিফার বলেছেন, ‘এটা কি সত্যিই গোপন কিছু ছিল? সবকিছুই তো সবার সামনেই ঘটেছে। সত্যি বলতে, নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে চাইলেও একজন তারকা হওয়ার কারণে তা সম্ভব হয় না। কারণ সবাই সবকিছু জানতে চায়। এখানে লুকানোর কিছু নেই— ভালো থাকুন, ভালো কাজ করুন, সবই ভালো হবে।’
করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর প্রেম ও সম্পর্কের ওপর থেকে তার বিশ্বাস উঠে গেছে কি না— এমন প্রশ্নে জেনিফার জানান, তিনি সবসময়ই ভালোবাসায় বিশ্বাসী।
অভিনেত্রী বলেছেন, ‘ভালোবাসা বলতে আমি শুধু কাপল বা রোমান্টিক প্রেম বুঝি না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোঝা যায় পরিবার, বন্ধুবান্ধব কিংবা পোষা প্রাণীর শর্তহীন ভালোবাসাও কতটা গুরুত্বপূর্ণ। তাই ভালোবাসা শুধু একটা সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনে একবার মন ভাঙলেই পৃথিবী শেষ হয়ে যায় না। বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়, সম্পর্ক ভাঙে, জীবন ওঠানামার মধ্য দিয়েই এগিয়ে যায়— আর এটাই জীবনের মজা।’
জানা যায়, ২০১২ সালেই এক বন্ধুর পার্টিতে উইলিয়ামের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল জেনিফারের। তবে বহু বছর পর ২০২৩ সালে তারা ডেটিং শুরু করেন।
এরপর থাইল্যান্ডের কো সামুই দ্বীপে ছুটি কাটানোর সময় জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন উইলিয়াম। দীর্ঘদিনের সেই ভালোবাসাই পূর্ণতা পেল ২০২৬-এর জুলাইয়ে এসে।




