রক্তাক্ত হাত, চোখে রোদচশমা—‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীরের ভয়ংকর রূপ

‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম অফিশিয়াল পোস্টার
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেল সঞ্জয় লীলা বনসালির বহুল প্রতীক্ষিত মেগা প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম অফিসিয়াল পোস্টার। আর প্রথম লুকেই নিজের রাফ অ্যান্ড টাফ ‘মাচো’ রূপ দিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর।
পোস্টারে দেখা যাচ্ছে, এক হাতে খোলা গাড়ির স্টিয়ারিং ধরে আছেন রণবীর, আর অন্য হাতটি রাখা গাড়ির দরজায়। পরনে সাধারণ টি-শার্ট ও চোখে ট্রেন্ডি সানগ্লাস থাকলেও নজর কেড়েছে তার গুলিবিদ্ধ ও রক্তে ভেজা বাহু এবং তীক্ষ্ণ গোঁফ।
পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, “আহা কী মর্যাদা, কী দাপট, আর কী উন্মাদনা। ২০২৭ সালের ২১ জানুয়ারি আসছে সঞ্জয় লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’”।
পোস্টারটি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা রণবীরের ‘স্মোকিং হট’ লুক নিয়ে প্রশংসার জোয়ার ভাসিয়ে দিয়েছেন। মন্তব্য বিভাগে একজন ভক্ত লিখেছেন, ‘এমন প্রথম লুক দেখলে স্ক্রল করা থামাতেই হয়’। অন্য একজন লিখেছেন, ‘রণবীরকে যেকোনো লুকেই অসাধারণ দেখায়’।
রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে নিয়ে নির্মিত এই বিগ বাজেট ড্রামাটি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে। মূলত ২০২৬ সালের মাঝামাঝিতে মুক্তির কথা থাকলেও শিডিউল জটিলতার কারণে তা পিছিয়ে দেওয়া হয়।
সম্প্রতি এক ইনস্টাগ্রাম লাইভে রণবীর নিশ্চিত করেন যে, ২০২৬ সালের দেওয়ালিতে তার বহুচর্চিত ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমাটি মুক্তির পরই পেক্ষাগৃহে আসবে বনসালির এই মহা-প্রজেক্টটি।
বর্তমানে এই তিন তারকাই বড় বড় প্রজেক্ট নিয়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। রণবীর যেখানে ব্যস্ত ‘রামায়ণ’ সিনেমার প্রভু রামের চরিত্র নিয়ে, সেখানে আলিয়া ভাট সম্প্রতি স্পাই থ্রিলার সিনেমা ‘আলফা’-র মাধ্যমে পর্দায় ঝড় তুলেছেন।
অন্যদিকে ভিকি কৌশল শিরোনামে আছেন তার নতুন ছবি ‘মহাবতার’-এ চিরঞ্জীবী পরশুরামের চরিত্রে অভিনয়ের জন্য।




