মুক্তি পেল ‘ইক্কা’র ট্রেলার
‘ঢাই কিলো কা হাত’ নিয়ে আদালতে সানি দেওল

সানি দেওল ও অক্ষয় খান্না অভিনীত নতুন চলচ্চিত্র ‘ইক্কা’। ছবি: সংগৃহীত
প্রকাশ পেয়েছে সানি দেওল ও অক্ষয় খান্না অভিনীত নতুন চলচ্চিত্র ‘ইক্কা’র ট্রেলার। আদালতকেন্দ্রিক এই চলচ্চিত্রে উঠে এসেছে ন্যায়বিচার, রহস্য, আবেগ এবং টানটান উত্তেজনার গল্প। আগামী ১০ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।
সোমবার ট্রেলারটি প্রকাশ করেন নির্মাতারা। এতে অর্জুন মেহরা নামের একজন খ্যাতিমান আইনজীবীর চরিত্রে দেখা যায় সানি দেওলকে। নীতি ও আদর্শে অটল এই আইনজীবীর জীবনে বড় চ্যালেঞ্জ আসে, যখন বহুল আলোচিত একটি মামলায় অভিযুক্ত শৌর্যমান গৌরের পক্ষে দাঁড়ান তিনি। শৌর্যমান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না।
ট্রেলারের শুরু থেকেই অর্জুন ও শৌর্যমানের চরিত্রের বৈপরীত্য স্পষ্ট হয়ে ওঠে। অর্জুন যেখানে ন্যায়বিচারে বিশ্বাসী, সেখানে শৌর্যমানকে উপস্থাপন করা হয় রহস্যময় ও ধূসর একটি চরিত্র হিসেবে। ফলে জটিল রূপ নেয় আইনজীবী ও মক্কেলের সম্পর্কও।
চলচ্চিত্রে সরকারি কৌঁসুলির চরিত্রে অভিনয় করেছেন তিলোত্তমা সোম। ভুক্তভোগীর পক্ষে ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতে কঠোর অবস্থান নেন তিনি। ট্রেলারে সানি দেওলের জনপ্রিয় ‘ঢাই কিলো কা হাত’ সংলাপেরও নতুন ব্যবহার দেখা যায়। আদালতের তর্ক-বিতর্ক, নাটকীয় মোড় এবং শক্তিশালী সংলাপে এগিয়ে যায় ট্রেলারের গল্প।
অন্যদিকে সানি দেওলের স্ত্রীর চরিত্রে রয়েছেন দিয়া মির্জা। মামলাকে ঘিরে তাদের পারিবারিক জীবনে যে মানসিক চাপ ও আবেগের সৃষ্টি হয়, ট্রেলারে পাওয়া যায় তার আভাস।
সিদ্ধার্থ পি. মলহোত্রা পরিচালিত ‘ইক্কা’ আদালতকেন্দ্রিক নাটক, পারিবারিক আবেগ এবং রহস্যময় ঘটনার সমন্বয়ে নির্মিত। এটি সানি দেওলের ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র, যা সরাসরি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।
আলকেমি ফিল্মস প্রযোজিত ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে আগামী ১০ জুলাই।




