মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী ‘বিজ্ঞান ফেস্ট’ শুরু শুক্রবার

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী দক্ষতা ও প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে শুক্রবার (১৬ অক্টোবর) শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘এমডিআইসি স্টেম ফেস্ট ২০২৬-২৭’। মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (এমডিআইসি) ক্যাম্পাসে আয়োজিত এ উৎসব চলবে শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত।
প্রতিষ্ঠানটির ম্যানারাত ক্লাবস ফর কো-কারিকুলার অ্যাক্টিভিটিজের অধীন মানারাত সায়েন্স ক্লাব এ উৎসবের আয়োজন করছে। শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসব শেষ হবে।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ।
দুই দিনের এ আয়োজনে থাকছে গণিত অলিম্পিয়াড, জেনারেল সায়েন্স অলিম্পিয়াড, বায়োলজি-কেমিস্ট্রি অলিম্পিয়াড, ফিজিকস অলিম্পিয়াড ও কম্পিউটার সায়েন্স অলিম্পিয়াড। পাশাপাশি রোবোটিকস, মাইনক্রাফটভিত্তিক কার্যক্রম, শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শনী, ট্রেজার হান্টসহ বিভিন্ন অংশগ্রহণমূলক আয়োজন থাকছে।
আয়োজকদের মতে, এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের জ্ঞান বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার সুযোগ পাবে। একই সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে তাদের আগ্রহ বাড়বে।
শুক্রবার সকাল ৯টায় তৃতীয় শ্রেণি থেকে এ-২ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের গণিত অলিম্পিয়াডের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। সকাল সাড়ে ১০টায় তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জেনারেল সায়েন্স অলিম্পিয়াড এবং সপ্তম শ্রেণি থেকে এ-২ শ্রেণির শিক্ষার্থীদের বায়োলজি-কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
একই দিন সকাল সাড়ে ১১টা থেকে রোবোটিকস ও মাইনক্রাফটভিত্তিক কার্যক্রম চলবে। দুপুরের বিরতির পর বেলা আড়াইটায় শুরু হবে ট্রেজার হান্ট। বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে সপ্তম শ্রেণি থেকে এ-২ শ্রেণির শিক্ষার্থীদের ফিজিকস অলিম্পিয়াড।
উৎসবের দ্বিতীয় দিন শনিবার সকাল ৯টায় শুরু হবে সপ্তম শ্রেণি থেকে এ-২ শ্রেণির শিক্ষার্থীদের কম্পিউটার সায়েন্স অলিম্পিয়াড ও মাইনক্রাফটভিত্তিক কার্যক্রম। একই সময়ে শুরু হবে শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শনী, যা চলবে দুপুর ১২টা পর্যন্ত। দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে ট্রেজার হান্ট। বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
প্রতিযোগিতার পাশাপাশি উৎসবের বিভিন্ন কার্যক্রম শিক্ষার্থীদের দলগত কাজ, পারস্পরিক সহযোগিতা, নেতৃত্ব ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে সহায়তা করবে বলে আশা করছেন আয়োজকেরা। শ্রেণিকক্ষের বাইরেও নিজেদের মেধা, কৌতূহল ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
স্টেম ফেস্টের আহ্বায়ক ও মানারাত সায়েন্স ক্লাবের ইনচার্জ ড. মো. মাকসুদূল আলম বলেছেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম।
তিনি বলেন, স্টেম ফেস্টের প্রতিটি আয়োজন শিক্ষার্থীদের শেখার আনন্দ, সৃজনশীলতা, সহযোগিতা ও বাস্তবমুখী চিন্তার সুযোগ তৈরির উদ্দেশ্যে পরিকল্পনা করা হয়েছে। শিক্ষার্থীরা যেন শুধু প্রতিযোগিতায় সাফল্য অর্জন নয়, বরং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া, নতুন ধারণা নিয়ে কাজ করা এবং নিজেদের জ্ঞান মানবকল্যাণে প্রয়োগ করার মানসিকতা অর্জন করে, সেটিই আয়োজকদের প্রত্যাশা।
এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।
মানারাত সায়েন্স ক্লাব, মানারাত ক্লাবস ফর কো-কারিকুলার অ্যাক্টিভিটিজ এবং মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ যৌথভাবে এ উৎসব আয়োজন করছে। এই ফেস্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক আগামীর সময়।



