শেকৃবির গবেষণা মাঠে পুনরুদ্ধারে আজও স্থাপনা ভাঙলেন শিক্ষার্থীরা

শেকৃবি পুরাতন গবেষণা মাঠ পুনরুদ্ধারে বিভিন্ন স্থাপনা ভাঙতে শুরু করেছেন শিক্ষার্থীরা। ছবি: আগামীর সময়
রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরাতন গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনের পঞ্চম দিনে মাঠে নির্মিত বিভিন্ন স্থাপনা ভাঙতে শুরু করেছেন শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ট্রাক্টর নিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রবেশ করেন তারা। পরে সেখানে নির্মিত দোকানপাট ও অন্যান্য স্থাপনা ভাঙচুর করে সরিয়ে নেওয়ার পাশাপাশি ট্রাক্টর দিয়ে মাঠের মাটি খোঁড়েন আন্দোলনকারীরা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের পতাকাস্ট্যান্ডের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে যান শিক্ষার্থীরা। এ সময় মাঠ পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে ট্রাক্টর নিয়ে মাঠে প্রবেশ করে স্থাপনা অপসারণের কাজ শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের জন্য মাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে মাঠটি পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় নিজেরাই স্থাপনা সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, গবেষণা মাঠ পুরোপুরি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের পুরাতন গবেষণা মাঠে সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ এবং মাঠ পুনরুদ্ধারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের জন্য মাঠটি ফিরিয়ে দিতে হবে এবং সেখানে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে হবে।




