ক্যাম্পাসের অবৈধ দোকান সরাতে ‘অনুরোধ’ জানাল ঢাবি প্রশাসন

সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে থাকা সব অবৈধ ও ভাসমান দোকান সরিয়ে ফেলার 'অনুরোধ' জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে এসব দোকান নিজ দায়িত্বে না সরালে উচ্ছেদ অভিযানসহ দোকান মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে থাকা ক্যাম্পাসে অবৈধ দোকান উচ্ছেদে 'অনুরোধ' জানাকে ঘিরে তৈরি হয়েছে সমালোচনা।
শিক্ষার্থীরা বলছেন, ‘ক্যাম্পাসের নেতৃত্ব যাদের হাতে তারাই যদি অনুরোধ করেন তাহলে কতৃপক্ষের আসল কাজ কি হতে পারে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন আগামীর সময়কে বলেছেন, ‘একজন মানুষ চোর হতে পারে, ডাকাত হতে পারে, কিন্তু তারও ন্যূনতম আত্মসম্মানবোধ থাকে। সমস্যাটা শুরু হয় তখন, যখন আমরা একজন মানুষকে আগে মানুষ হিসেবে না দেখে তার পরিচয় বা অবস্থান দিয়ে বিচার করি। এই শ্রেণিবিভাগ মানুষকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। অথচ আমাদের প্রথম কাজ হওয়া উচিত, তার মানবিক মর্যাদাটাকে স্বীকার করা।’
তিনি বলেন, কাউকে সরাসরি আদেশ দেওয়ার পরিবর্তে তার মর্যাদা ও অবস্থানকে বিবেচনায় রেখে বিষয়টি একটু সফটভাবে বলা হয়েছে। এখনই না করে আমরা তিন দিন পর বিষয়টি বাস্তবায়ন করতে পারি। এতে নির্দেশটাও দেওয়া হবে, আবার মানুষের প্রতি সম্মানটাও বজায় থাকবে।




