সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের আন্দোলন
বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির স্বকীয়তা রক্ষা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের (এসইসি) শিক্ষার্থীরা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকার ফলে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির স্বকীয়তা ও পেশাগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্রমাগত দাবি ও আন্দোলন সত্ত্বেও কোনো আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি। প্রশাসনিক কালক্ষেপণের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের একাডেমিক জীবনকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’
তারা আরও বলেন, ‘বিএসসি ইঞ্জিনিয়ারিং মতো উচ্চতর ডিগ্রির মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে আর থাকব না। আমাদের একমাত্র দাবি— অবিলম্বে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্তি। শিক্ষা মন্ত্রী থেকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সকল ক্লাস, পরীক্ষা, ল্যাব ও একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। পরবর্তীতে আরও কঠোর ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে জানান আন্দোলনকারীরা।



