শিক্ষা সচিবের চীনের কুনমিংয়ের ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শন

ইউনান বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মা ওয়েনহু-এর সঙ্গে সচিব আবদুল খালেক। ছবি: সংগৃহীত
চীনের কুনমিংয়ে ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিদর্শনকালে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং দক্ষতা উন্নয়ন নিয়ে সচিব সঙ্গে আলোচনা হয়েছে।
শিক্ষা সচিবকে স্বাগত জানান ইউনান বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মা ওয়েনহুই। তিনি বাংলাদেশ ও ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণে প্রতিষ্ঠানটির আগ্রহের কথা তুলে ধরেন।
অধ্যাপক মা ওয়েনহুই জানিয়েছেন, বাংলাদেশি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য চীনা ভাষা প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণে প্রস্তুত রয়েছে বিশ্ববিদ্যালয়টি। পাশাপাশি চীনা ভাষা ও কারিগরি দক্ষতার সমন্বয়ে পাঠ্যক্রম চালুর বিষয়েও আগ্রহ রয়েছে তাদের।
শিক্ষা, চিকিৎসাবিজ্ঞান, জীববিজ্ঞান, পর্যটন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নৃবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলার প্রস্তাব দেন তিনি। এ ছাড়া যৌথ গবেষণাগার প্রতিষ্ঠা এবং সমন্বিত গবেষণা প্রকল্প গ্রহণকে ভবিষ্যৎ অংশীদারত্বের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন।
ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ একাডেমিক সম্পর্কের প্রশংসা করেন সিনিয়র সচিব আবদুল খালেক।
তিনি জানিয়েছেন, বাংলাদেশ মানসম্মত কারিগরি শিক্ষা ও চীনা ভাষা শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য অর্জনে প্রাতিষ্ঠানিক সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কর্মসূচি আরও জোরদার করতে আগ্রহী বাংলাদেশ।
আবদুল খালেক বলেন, প্রস্তাবিত সহযোগিতা কাঠামোর আওতায় যৌথ গবেষণা ও সক্ষমতা উন্নয়নে বাস্তবভিত্তিক অগ্রগতি প্রত্যাশা করে বাংলাদেশ। এসব উদ্যোগ দুই দেশের তরুণ শিক্ষার্থী ও গবেষকদের উপকৃত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে অধ্যাপক মা ওয়েনহুইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শিক্ষা সচিব। একই সঙ্গে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, গবেষণা ও সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলতে ইউনান বিশ্ববিদ্যালয়কে স্বাগত জানান তিনি।



