পাবিপ্রবির হলে সিট দখল নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিট দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। ছবি: আগামীর সময়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ হলের একটি কক্ষের সিট দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত তিনজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার রাত ৮টার দিকে হলের ৭১৭ নম্বর কক্ষে একটি সিটকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ও উত্তেজনা চলে। এ ঘটনায় ক্যাম্পাসে বহিরাগতদের অস্ত্রসহ প্রবেশের অভিযোগও উঠেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৭১৭ নম্বর কক্ষে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম হোসেন থাকতেন। পরে তিনি ডাবল বেডের অন্য একটি কক্ষে স্থানান্তরিত হলে তার আগের সিটে সমাজকর্ম বিভাগের এক জুনিয়র শিক্ষার্থীকে ওঠান। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেন এতে আপত্তি জানান।
অভিযোগ রয়েছে, পরে তিনি ওই কক্ষে গিয়ে বিছানাসহ আসবাবপত্র সরিয়ে নিজের অনুসারী এক শিক্ষার্থীকে সেখানে ওঠানোর চেষ্টা করেন।
এ নিয়ে সাধারণ সম্পাদক গ্রুপের কয়েকজন নেতাকর্মী ও সভাপতি গ্রুপের অনুসারীদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে সাধারণ সম্পাদক গ্রুপের নেতা তুর মোহাম্মদ মুবতাসিমকে সভাপতি গ্রুপের কয়েকজন নেতাকর্মী আঘাত করেন বলে অভিযোগ ওঠে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের নেতাকর্মীরা হলের নিচতলায় জড়ো হন। সেখানে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সভাপতি গ্রুপের কয়েকজন নেতাকর্মী হলের গেস্ট রুমে আশ্রয় নেন। এ সময় সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা বাইরে থেকে গেস্ট রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে সেখানে অবস্থানরত কয়েকজন জানালা ভেঙে পেছনের দিক দিয়ে বেরিয়ে যান বলে জানা গেছে।
সাধারণ সম্পাদক গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গেস্ট রুমে আশ্রয় নেওয়া কয়েকজন ছাত্রদল নেতার কাছে অবৈধ অস্ত্র ছিল। হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদের অস্ত্রসহ আটক করার চেষ্টা করা হলে তারা জানালা ভেঙে পালিয়ে যান। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সংঘর্ষে আহত জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনকে হলের প্রভোস্টের সহায়তায় পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শুভ ব্রহ্মচারী অজ্ঞান হয়ে পড়লে তাকেও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেনকে কয়েকজন মারধর করেন। আহত অবস্থায় তাকেও প্রভোস্টের সহায়তায় হাসপাতালে নেওয়া হয়। শেষ পর্যন্ত তিনজনই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে সংঘর্ষের সময় ক্যাম্পাসে বহিরাগতদের অস্ত্রসহ উপস্থিতির অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলেছেন, সংঘর্ষের একপর্যায়ে বহিরাগত কয়েকজন ক্যাম্পাসে প্রবেশ করেন এবং তাদের কাছে অস্ত্র ছিল। তবে তাদের পরিচয় ও অস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষের মধ্যে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে বলেও এক শিক্ষার্থী দাবি করেছেন। এ বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আমি যতটুকু দেখেছি, কক্ষের সিট দখলকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। সমাজকর্ম বিভাগের ওই সিট নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। এক পক্ষ বলছিল, সিটটি তাদের, অন্য পক্ষও একই দাবি করছিল। প্রথমে ধাক্কাধাক্কি শুরু হয়, পরে কয়েক দফায় মারামারি ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বহিরাগত কয়েকজনকে অস্ত্রসহ ক্যাম্পাসে আসতে দেখি। সংঘর্ষের মধ্যে একজনকে ছুরিকাঘাত করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।’
স্বাধীনতা হলের সহসভাপতি তুর মোহাম্মদ মুবতাসিম বলেন, ‘আমি বাইরে গেলে রুমেল হোসেন ও তার অনুসারীরা আমার গায়ে হাত তোলেন। ওই হলে আমার কোনো সিটও নেই। আমি শুধু আমার এক সিনিয়রের সঙ্গে সেখানে গিয়েছিলাম।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সংঘর্ষের ঘটনা নিয়ে তারা বৈঠকে আছেন। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, ‘ঘটনাটি নিয়ে আমরা হল প্রশাসনের পক্ষ থেকে সবাই মিলে বোর্ড মিটিংয়ে বসেছি। মিটিং শেষে আপনাদের সব প্রশ্নের উত্তর দেব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ‘আমি এখন একটি মিটিংয়ে আছি। এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না। মিটিং শেষে আপনাদের সঙ্গে কথা বলব।’




