প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জাককানইবির ১৪ শিক্ষার্থী

গ্রাফিকস: আগামীর সময়
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৪ শিক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত তালিকায় তিন শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থীর নাম রয়েছে।
ইউজিসির তালিকা অনুযায়ী, জাককানইবির মনোনীতদের মধ্যে ২০১৯ শিক্ষাবর্ষের চারজন, ২০২০ সালের পাঁচজন এবং ২০২১ সালের পাঁচজন রয়েছেন। তিন শিক্ষাবর্ষে জাতীয় পর্যায়ে মনোনীত ৪৬৯ শিক্ষার্থীর মধ্যে ২০১৯ সালে ১৭৮, ২০২০ সালে ১৪১ এবং ২০২১ সালে ১৫০ জন রয়েছেন।
২০১৯ শিক্ষাবর্ষে জাককানইবির মনোনীতরা হলেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের মনীষা হাজং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের সন্দীপ দেবনাথ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উম্মে সালমা তমা এবং অর্থনীতি বিভাগের জারমিনা রহমান।
২০২০ শিক্ষাবর্ষে মনোনয়ন পেয়েছেন সংগীত বিভাগের নিশাত নিগার নিশি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. নাজমুল করিম রেজা, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের অন্তু দে, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের মো. মইনুল আলম এবং আইন ও বিচার বিভাগের তানিয়া আক্তার।
২০২১ শিক্ষাবর্ষের তালিকায় রয়েছেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সৈয়দা তাসনিম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মিতু আক্তার, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের নাবিলা আক্তার মিম, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের মো. আতিকুর রহমান এবং চারুকলা বিভাগের অন্তর পাল।
ইউজিসি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাওয়া মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তালিকা পুনরায় যাচাই করা হয়। এরপর তিন শিক্ষাবর্ষের ৪৬৯ শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা নিয়ে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আপত্তি থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ ৩১ অক্টোবরের মধ্যে ইউজিসিতে লিখিতভাবে বা ই-মেইলে জানাতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। ২০০৫ সালে ইউজিসি এ পুরস্কার চালু করে। পরে ২০১৮ সালে নীতিমালা সংশোধনের মাধ্যমে স্থায়ী সনদপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও এ পুরস্কারের আওতায় আনা হয়।
নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের ৪ দশমিক ৫ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি একটি পদক এবং সম্মাননাপত্র দেওয়ার কথা রয়েছে।



