পেছাল রাবির ভর্তি পরীক্ষা, শুরু ১২ ফেব্রুয়ারি

সংগৃহীত ছবি
২০২৬-২৭ শিক্ষাবর্ষে রাজশাহী বি
শ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে।
এর আগে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আবেদন ১ জানুয়ারি থেকে শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় সিদ্ধান্ত হয়।
আজ বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
উপাচার্য জানালেন, নতুন সূচি অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানালেন, ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয়ে উপাচার্য বললেন, যেসব শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন, তাদের ফল প্রকাশের পর আবেদনের ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুন করে পাঁচ থেকে সাত দিন সময় দেওয়া হবে।
এদিকে ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতাও শিথিল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
অন্যদিকে বিজ্ঞান শাখার আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।




